আগের ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দেওয়া বাংলাদেশের সেমিফাইনাল প্রতিপক্ষ ভারত। অন্য সেমিফাইনালে পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে। দুটি সেমিফাইনালই হবে আগামী বৃহস্পতিবার।
সোমবার নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসানের ফ্রি-কিক থেকে ইবনে আহাদ শাকিলের হেড চলে যায় স্বাগতিকদের জালে।
২৮ মিনিটে রাজন হাওলাদের শট ক্রসবারে বাধা পেলে দ্বিতীয় গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৬ মিনিট পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে শুধু পেনাল্টিই দেননি, লালকার্ডও দেখেছেন গোলকিপার মিতুল মার্মা। পেনাল্টি থেকে সমতা নিয়ে এসেছেন জান লিম্বু।
তবে ১০ জনে পরিণত হলেও বাংলাদেশ হতোদ্যম হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে রাজনের প্লেসিং শট আবার এগিয়ে দিয়েছে লাল-সবুজ দলকে। ২-১ অগ্রগামিতা ধরে রেখে গ্রুপের শ্রেষ্ঠত্বও নিশ্চিত করেছে বাংলাদেশের ছেলেরা।