ম্যানচেস্টারের দুই ক্লাব- ম্যানইউ ও ম্যানসিটিও নিশ্চিত করেছে শেষ ষোলো। ঘরের মাঠে ম্যানইউ ১-০ গোলে হারিয়েছে ইয়ং বয়েজকে। আর লিওঁর মাঠ থেকে ২-২ গোলে ড্র করে তাদের সঙ্গী হয়েছে নগরপ্রতিপক্ষ ম্যানসিটি। বেনফিকাকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে বায়ার্ন মিউনিখও।
রোমার ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলের সামনে শুরুতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে রিয়ালকে। প্রথমার্ধে ছিল তারা গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে গ্যারেথ বেল ও লুকাস ভাসকেসের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বিরতি থেকে ঘুরে এসে ৪৭ মিনিটে বেলের লক্ষ্যভেদে এগিয়ে যায় সফরকারীরা। এরপর ৫৯ মিনিটে ভাসকেস জাল খুঁজে পেলে জয়ের আনন্দে মাতে মাদ্রিদের ক্লাবটি।
জুভেন্টাস নেমেছিল ঘরের মাঠে। ‘এইচ’ গ্রুপে স্প্যানিশ প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া তাদের নিয়েছে কঠিন পরীক্ষা। মারিও মানজুকিচের একমাত্র লক্ষ্যভেদে জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ভ্যালেন্সিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে ৫৯ মিনিটে জাল খুঁজে পায় স্বাগতিকরা।
এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানইউও। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে প্রথম মিনিটে মারুয়ান ফেলাইনির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলস। ওল্ড ট্র্যাফোর্ডে একের পর এক আক্রমণ চালিয়ে অবশেষে তারা সফল হয়েছে ইয়ং বয়েজের বিপক্ষে।
আরেক ইংলিশ ক্লাব ম্যানসিটিও পেয়েছে নকআউটের টিকিট। লিওঁর মাঠে তারা ড্র করেছে ২-২ গোলে। উত্তেজনাকর লড়াইয়ে ম্যাক্সওয়েল কোরনেতের গোলে ৫৫ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। যদিও ৬২ মিনিটে ম্যানসিটি সমতায় ফেরে আয়মেরিক লাপোর্তের লক্ষ্যভেদে। ৮১ মিনিটে কোরনেতের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় লিওঁ। কিন্তু মিনিট দুয়েক পর ম্যানসিটিকে সমতায় ফেরান সের্হিয়ো আগুয়েরো।
আরিয়েন রবেন ও রবার্ত লেভানদোস্কির জোড়া লক্ষ্যভেদে ঘরের মাঠে বেনফিকাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। আলিয়েঞ্জ অ্যারেনায় ১৩ মিনিটের পর রবেন দ্বিতীয় গোল পান ৩০ মিনিটে। এরপর ৩৬ মিনিটে প্রথমবার স্কোরশিটে নাম তোলেন লেভানদোস্কি। ৪৬ মিনিটে অবশ্য বেনফিকা এক গোল শোধ করেছিল। কিন্তু ৫১ মিনিটে লেভানদোস্কির দ্বিতীয় গোলে ব্যবধান আবার বাড়ায় ব্যাভারিয়ানরা। ৭৬ মিনিটে এই গোল উৎসবে ফ্রাঙ্ক রিবেরি নাম তুললে বিশাল জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে বায়ার্ন। গোল ডটকম