স্টুয়ার্ট আর্মস্ট্রং ও সেদরিকের গোলে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। তারপর রোমেলু লুকাকু ও অ্যান্ডার হেরেরার গোলে বিরতির আগেই সমতা ফেরায় ইউনাইটেড।
হোসে মরিনহোর দল এখন টেবিলের ৭ নম্বরে। আর গোল পার্থক্যে এগিয়ে থেকে বার্নলির উপরে ১৮ নম্বরে সাউদাম্পটন। ১ সেপ্টেম্বরের পর থেকে লিগে জয়ের মুখ দেখেনি তারা।
মাত্র তিন মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় ইউনাইটেড। বল বিপদমুক্ত করতে গিয়ে হোঁচট খান অ্যালেক্স ম্যাককার্থি। কিন্তু লুকাকু শট নেওয়ার আগেই নিজেকে সামাল দিয়ে রুখে দেন তিনি।
তার কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় অতিথিরা। গত সপ্তাহে ফুলহ্যামে জোড়া গোল করা আর্মস্ট্রং ১৩ মিনিটে এগিয়ে দেন সাউদাম্পটনকে। ইউনাইটেডকে আরও হতাশায় ভাসিয়ে দেয় তারা ৭ মিনিট পর। ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন সেদরিক।
লুকাকুর ১২ ম্যাচ গোলখরা কাটে মার্কাস র্যাশফোর্ডের সৌজন্যে। ৩৩ মিনিটে এক গোল শোধ দেন বেলজিয়ান তারকা। ৬ মিনিট পর হেরেরাকে দিয়ে দ্বিতীয় গোল করান র্যাশফোর্ড।
প্রথমার্ধের বাকি সময় দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। বিরতির পর ৩০ গজ দূর থেকে সাউদাম্পটন অধিনায়ক পিয়েরে এমিল হোজবার্গের দারুণ প্রচেষ্টা রুখে দেন ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে গেয়া। বাকি সময় আর কোনও দল সুযোগ তৈরি করতে পারেনি। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের। গোল ডটকম