মদরিচই পাচ্ছেন ব্যালন ডি’অর?

লুকা মদরিচরাশিয়া বিশ্বকাপে হলেন সেরা খেলোয়াড়। পরে জিতেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। তাই লুকা মদরিচকেই ধরা হচ্ছে এবারের ব্যালন ডি’অরের ফেভারিট। ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির রাজত্ব ভেঙে ক্রোয়েট মিডফিল্ডার মর্যাদার এই পুরস্কারটি জিততে পারেন কিনা, সেটা জানা যাবে আজ (সোমবার) রাতে।

ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া পুরস্কারটির জমকালো অনুষ্ঠান হতে যাচ্ছে প্যারিসে। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১-৩০ মিনিটে সরাসরি দেখা যাবে ‘স্টার স্পোর্টস ওয়ান’ ও ‘স্টার স্পোর্টস ওয়ান এইচডি’ চ্যানেলে।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকা অনেক আগেই প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’। এই তালিকা থেকে শেষ পর্যন্ত কার হাতে পুরস্কারটি উঠতে যাচ্ছে, গত কয়েকদিন তা নিয়ে চলছে জোর আলোচনা। যে আলোচনায় মেসি-রোনালদো যুগের অবসানের কথাই শোনা গেছে বেশি। সময়ের সেরা দুই খেলোয়াড়ের রাজত্ব ভেঙে মদরিচের সিংহাসনে বসার খবর জোর দিয়েই ছাপা হয়েছে বিশ্বের নামি সব পত্রিকায়।

এই গুঞ্জন সত্যি হলে ব্যালন ডি’অর ইতিহাসে ১০ বছর পর মেসি-রোনালদোর বাইরে কারও হাতে উঠবে ‘সোনার বল’। ২০০৭ সালে সবশেষ খেলোয়াড় হিসেবে কাকা হাতে তুলেছিলেন পুরস্কারটি। এরপর থেকে হয় মেসি, নয়তো জিতেছেন রোনালদো। মেসি তো টানা চার বছর কাউকে আসতেই দেননি পুরস্কারটির কাছে! ২০০৮ সাল থেকে তৈরি হওয়া বৃত্তে রোনালদো আবার সবশেষ দুই বছরের বিজয়ী।

তাদের বৃত্ত ভেঙে মদরিচের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনাই বেশি। রাশিয়া বিশ্বকাপে শিরোপা না জিতলেও ফু্টবল মহাযজ্ঞে তার দুর্দান্ত পারফরম্যান্সে মোহিত হয়েছে গোটা বিশ্ব। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ক্রোয়েশিয়া হেরে গেলেও দলটির অধিনায়ক মদরিচ জয় করে নেন ফুটবলপ্রেমীদের মন। যে কারণে শিরোপা না জিতেও হাতে তোলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।

দেশের হয়ে বিশ্বকাপে খেলার আগে ক্লাব ফুটবলেও শিরোপার আনন্দে মেতেছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে জেতেন টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, বিশেষ করে গোটা ফু্টবল বিশ্বেরই সবচেয়ে বড় আসর বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে তাকে এগিয়ে রাখছেন সাবেক ফু্টবলার থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরা। ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতায় ব্যালন ডি’অরে আরও বেশি ফেভারিট তিনি।

রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিতে এখন জুভেন্টাস খেলা রোনালদো সম্ভবত নিজেও বিষয়টি বুঝতে পারছেন স্পষ্ট। তাই প্যারিসের অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না বলে খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সান’-এর। তাছাড়া বিজয়ীর নাম ঘোষণার আগেই ‘স্কাই ইতালিয়া’ জানিয়ে দিয়েছে, এবারের ব্যালন ডি’অর জিতছেন মদরিচ।

বিশ্বকাপের ভরাডু্বিতে ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কারটির আলোচনায় খুব একটা নেই মেসি। মদরিচের সঙ্গে সবচেয়ে শোনা গেছে যাদের নাম, তারা হলেন- কাইলিয়ান এমবাপে, আন্তোয়ান গ্রিয়েজমান ও রাফায়েল ভারান। রাশিয়া বিশ্বকাপে তাদের হাত ধরেই দ্বিতীয় শিরোপা জিতেছে ফ্রান্স।

এমবাপে পিএসজির হয়ে ঘরোয়া ট্রেবল জেতার পর হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। গ্রিয়েজমান অ্যাতলেতিকো মাদ্রিদের ইউরোপা লিগ জয়ের নায়ক। ভারান তো প্রাপ্তিতে সবাইকে ছাড়িয়ে! রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জেতার পর রাশিয়ায় উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় বনাম মদরিচের দুর্দান্ত পারফরম্যান্স- এই দুটি বিষয়কেই হয়তো বেশি প্রাধান্য দিয়েছেন ভোট দেওয়া ১৮০ দেশের সাংবাদিক। যেখানে মদরিচের পালেই লাগছে জোর হওয়া!