শুক্রবার দিবাগত রাতে ইন্টারের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। ইতালিয়ান ডার্বি এবার আরও জমজমাট হওয়ার ইঙ্গিত। কারণ গত কয়েক মৌসুমের ব্যর্থতার ঝেরে পুরনো রূপে ফিরেছে মিলানের ক্লাবটি। দারুণ পারফরম্যান্সে বসেছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। তাদের চেয়ে ১১ পয়েন্ট বেশি নিয়ে জুভেন্টাস শিরোপা দৌড়ে এগিয়ে থাকলেও মৌসুমের এই পর্যায়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
জুভ কোচ আলেগ্রিও বিষয়টি খুব ভালো বুঝতে পারছেন। স্কুদেত্তো জেতার পথে ইন্টার ও নাপোলি বড় বাধা তাদের। এরপরও বুধবার ইয়ং বয়েজের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচটিতে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। ‘এইচ’ গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে শীর্ষস্থান নিশ্চিত করাটাই বড় লক্ষ্য তার।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আগামীকাল (শুক্রবার) ডার্বি ডি ইতালিয়া। পয়েন্ট টেবিলে আমাদের অবস্থান যেখানেই হোক, দুর্দান্ত একটি সন্ধ্যা অপেক্ষা করছে। টেকনিক্যাল ও মানসিক পরীক্ষা হতে যাচ্ছে, আর আমরা এমন একটি দলের মুখোমুখি হচ্ছি, যারা বেড়ে উঠেছে। তাদের সঙ্গে নাপোলি স্কুদেত্তোতে আমাদের প্রতিদ্বন্দ্বী।’
হেরে গেলে ইন্টার যেমন জুভেন্টাসের সঙ্গে ব্যবধান কমাতে পারবে, তেমনি নাপোলি তাদের ম্যাচে জিতলে অনেকটাই কাছে চলে যাবে তুরিনে ক্লাবের। এরপরও আলেগ্রির গুরুত্ব বেশি দিচ্ছেন চ্যাম্পিয়নস লিগ ম্যাচে, ‘আমাদের কাছে চ্যাম্পিয়নস লিগের সামনের ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা চ্যাম্পিয়নস লিগ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছি। আগামীকাল (শুক্রবার) ইন্টারের বিপক্ষে ম্যাচটি অন্য একটি খেলার মতোই।’ গোল ডটকম