মঙ্গলবার ম্যানইউয়ের সঙ্গে আড়াই বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে মরিনহোর। মৌসুমের শুরু থেকেই ধুঁকতে থাকা ‘রেড ডেভিলস’ শিরোপা দৌড় থেকে পিছিয়ে গেছে অনেকটা। এমনকি সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাটাও ঝুঁকিতে! কঠিন এই পরিস্থিতিতে আবার চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে হার। অলরেডদের বিপক্ষে ৩-১ গোলের হারের পর ম্যানইউ কর্তৃপক্ষ আর আস্থা রাখতে পারেনি মরিনহোর ওপর।
চাকরি হারানোর পরপরই ইউরোপিয়ান মিডিয়ার শোনা গেছে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে তার ফেরার কথা। রানিয়েরিরও বিশ্বাস, শিগগিরই কোচিং ক্যারিয়ারে ফিরবেন ‘স্পেশাল ওয়ান’। তার মতে, মরিনহোর মতো কোচ অন্য কোচদের অনুপ্রেরণার জায়গা।
লিস্টার সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো এই ইতালিয়ান বলেছেন, ‘তাকে (মরিনহো) আমি বার্তা পাঠিয়েছি। আমাদের দুজনের সম্পর্কটা দারুণ বন্ধুত্বপূর্ণ। মরিনহোর যে ধরনের মানুষ, তাতে আমার মনে হয়, তিনি শিগগিরই ফিরবেন (কোচিংয়ে)। একই বিষয় বলব (চেলসির সাবেক কোচ) আন্তোনিও কন্তের ব্যাপারেও। এই কোচেরা হলেন ফুটবলের হৃদয়।’ সঙ্গে যোগ করেছেন, ‘তারা প্রত্যেক দেশেই জিতেছেন। তাদেরকে মাঠে দেখাটা সব কোচদের জন্য সবসয়ই ভালো কিছু।’
মরিনহোকে বরখাস্ত করার পরের দিনই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যানইউ দায়িত্ব দিয়েছে উলে গুনার সুলশারকে। সামনের মৌসুমের শুরু থেকে স্থায়ী কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা তাদের, যেখানে টটেনহামের কোচ মাউরিচিও পোচেত্তিনোর নাম জোর আলোচনায়। গোল ডটকম