চলতি মৌসুমে আর্সেনালের কোচ হয়েছেন এমেরি। প্যারিস সেন্ত জার্মেই থেকে এই স্প্যানিশ দায়িত্ব নিয়েছেন গানারদের। প্যারিসের ক্লাবটির কোচ থাকার সময় সালাহকে দলে নেওয়ার আলোচনা হয়েছিল, যদিও সেই আলোচনায় সালাহকে না নেওয়ার পক্ষেই ছিল বেশি যুক্তি। কিন্তু মিশরীয় ফরোয়ার্ড এমেরির ধারণা ভুল প্রমাণ করে লিভারপুলের জার্সিতে আলো ছড়িয়ে চলেছেন।
আজ (শনিবার) লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। অলরেডদের বিপক্ষে মাঠে নামার আগে আর্সেনাল কোচ এমেরির সবচেয়ে দুশ্চিন্তার নাম সালাহ। অথচ পিএসজির কোচ থাকার সময় সালাহ বড় ক্লাবে মানিয়ে নিতে পারবেন কিনা, সেই সন্দেহ জন্মেছিল তার মনে। এমেরির কথায়, ‘পিএসজিতে আমরা সালাহকে নিয়ে আসার কথা আলোচনা করেছিলাম, যখন সে রোমার হয়ে খেলছিল। আমাদের কিছু সন্দেহ ছিল, এরপরই সে লিভারপুলে যোগ দিয়ে সব সন্দেহ দূর করে দিয়েছে।’
সবশেষ ৪ ম্যাচে ৫ গোল নিয়ে আর্সেনালের বিপক্ষে নামতে যাচ্ছেন সালাহ। গত মৌসুমের মতো এবারও ফর্মে থাকা এই খেলোয়াড়কে নিয়ে সন্দেহ থাকার কারণও ব্যাখ্যা করেছেন এমেরি, ‘পিএসজির মতো বড় ক্লাবে সালাহ কেমন পারফর্ম করে, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল।’ যে প্রশ্নটা বাতাসে মিলিয়ে দিয়ে সাবেক সেভিয়া কোচের চোখে এখন সালাহ বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের একজন, ‘এখন যদি বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের কথা বলি, তাহলে সেখানকার একজন সালাহ।’ গোল ডটকম