‘চেলসিতে যাচ্ছে না হিগুয়েইন’

হিগুয়েইনইতালিয়ান মিডিয়ার দাবি, এসি মিলান ছাড়ছেন গনসালো হিগুয়েইন। ইংলিশ ক্লাব চেলসি নাকি আলোচনা শুরু করেছে মিলানের ক্লাবটির সঙ্গে। যদিও খবরটি উড়িয়ে দিয়েছেন এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। চেলসি থেকে কোনও প্রস্তাব না আসার বিষয়ও নিশ্চিত করেছেন তিনি।

জুভেন্টাস থেকে এক বছরের জন্য ধারে এসি মিলানে যোগ দিয়েছেন হিগুয়েইন। সান সিরোতে নাম লিখিয়ে শুরুটা ভালোই হয়েছিল আর্জেন্টাইন স্ট্রাইকারের। কিন্তু গত কয়েক ম্যাচে ফর্মের সঙ্গে চলছে তার লড়াই। সবশেষ ৯ ম্যাচে গোলের দেখা পাননি তিনি! এই অবস্থায় ইতালিয়ান কয়েকটি সংবাদমাধ্যমের খবর, মিলানে আর থাকতে চাইছেন না হিগুয়েইন, চেলসিতে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি ক্লাবকে।

গত আগস্টে জুভেন্টস থেকে এক বছরের জন্য ধারে আনা হিগুয়েইনকে মৌসুম শেষে ৩৬ মিলিয়ন ইউরোতে স্থায়ীভাবে রেখে দেওয়ার সুযোগ আছে মিলানের। যদিও তার আগেই চেলসিতে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে আর্জেন্টাইন তারকার। ইতালিয়ান মিডিয়ার খবর, চেলসি কোচ মাউরিচিও সারির সঙ্গে আবার কাজ করতে চাইছেন হিগুয়েইন। ২০১৫-১৬ মৌসুমে এই ইতালিয়ান কোচের অধীনের নাপোলির জার্সিতে সিরি ‘এ’তে ৩৬ গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।

যদিও মিডিয়ায় ওঠা খবরটি উড়িয়ে দিয়েছেন ইতালিয়ান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। চেলসি কিংবা হিগুয়েইন কারও সঙ্গে দলবদলের কোনও আলোচনা হয়নি তাদের। তিনি বলেছেন, ‘একজন স্ট্রাইকারের গোল না পাওয়াটা খুব কষ্টের ব্যাপার। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে তার (হিগুয়েইন) নিজেকেই সব করতে হবে। তাছাড়া জুভেন্টাস থেকে ধারে আসার পর এই ধরনের আলোচনা করাটাও অবাস্তব। ওর সঙ্গে আমাদের সব আলোচনাই সরাসরি হয়। ও আমাদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর সেটা ও নিজেও জানে।’

চেলসি কাছ থেকে কোনও প্রস্তাব না আসার বিষয়টিও লিওনার্দো নিশ্চিত করলেন পরের কথায়, ‘হিগুয়েইনকে নিয়ে আমাদের কোনও কিন্তু নেই। চলতি বছরে ওর পজিশন নিয়ে আমরা কোনও প্রশ্নই তুলিনি, কোনও কিছু পাল্টেও যাচ্ছে না। চেলসি, শুধু চেলসি না, কোনও জায়গা থেকে তার ব্যাপারে প্রস্তাব আসেনি আমাদের কাছে। কেউ যেমন ওর সম্পর্কে কিছু বলেনি, তেমনি হিগুয়েইনও চলে যাওয়া নিয়ে কিছু বলেনি।’ গোল ডটকম