এই মৌসুমে ২১ ম্যাচ খেলে প্রথম হারের তেতো স্বাদ পেল লিভারপুল। তাতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির সঙ্গে শীর্ষ দলটির ব্যবধান কমে দাঁড়াল ৪ এ। ৫৪ পয়েন্ট নিয়ে তারা সবার উপরে। আর ম্যানসিটির পয়েন্ট ৫০।
ম্যানসিটির সাম্প্রতিক পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ করেছিল তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্যকে। আর দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল ছিল অস্পৃশ্য। কিন্তু গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো ও দাভিদ সিলভা এবং সেন্টার ব্যাক ভিনসেন্ত কোম্পানিকে ফিরে পেয়ে চ্যাম্পিয়নের মতো খেলল তারা।
যদিও শুরুতে পিছিয়ে পড়তে পারতো ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে ১৮তম মিনিটে সাদিও মানের শট তাদের পোস্টে লাগে। সিটিজেনদের গ্যালারি উল্লাসে ফেটে পড়ে বিরতির পাঁচ মিনিট আগে। বের্নার্দো সিলভা বক্সের মধ্যে খুঁজে পান সের্হিয়ো আগুয়েরোকে। আড়াআড়ি শটে শক্তিশালী ড্রাইভে আলিসনকে পরাস্ত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
লিভারপুল বিরতির পর জবাব দেয় স্বাগতিকদের। ট্রেন্ট আলেক্সান্দার-আরনল্ডের ক্রস থেকে অ্যান্ড্রু রবার্টসনের ভলিতে রবের্তো ফিরমিনোর হেডে সমতায় ফেরে রেডরা।
ভেঙে পড়েনি ম্যানসিটি। ৭২ মিনিটে মাঝমাঠ থেকে রহিম স্টারলিং বাঁ দিকে লেরয় সানকে পাস দেন। জার্মান উইঙ্গার দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।
আগুয়েরো তৃতীয় গোলের দেখা পেয়ে যেতেন। স্টারলিংয়ের কাউন্টার অ্যাটাক থেকে তার শট রুখে দেন আলিসন। এর কিছুক্ষণ পর সালাহর কোনাকুনি শট ঠেকান ম্যানসিটি গোলরক্ষক এদারসন। শেষ মিনিটে আবারও আলিসনের দুর্দান্ত সেভে ম্যানসিটি ব্যবধান বাড়াতে পারেনি।