জাহিদের হ্যাটট্রিকে মোহামেডান পরাস্ত

আরামবাগের জয়ের নায়ক জাহিদ হোসেনমৌসুমের প্রথম দুই টুর্নামেন্ট ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে জ্বলে উঠতে পারেননি জাহিদ হোসেন। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেও গোলের দেখা পাননি। তবে  দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স জাহিদের। জাতীয় দলের সাবেক উইঙ্গারের হ্যাটট্রিকে আরামবাগ ৪-১ গোলে বিধ্বস্ত করেছে মোহামেডানকে।

শুক্রবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১২ মিনিটে এগিয়ে যায় আরামবাগ। বাঁ দিক থেকে আসা মিডফিল্ডার রাজন মিয়ার আড়াআড়ি পাস প্লেসিং শটে জালে জড়িয়ে দেন জাহিদ।

প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৯ মিনিটে সমতা নিয়ে আসে মোহামেডান। গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং দারবো পোস্টে সরাসরি ফ্রি-কিক না নিয়ে বল বাড়ান পেছনে থাকা কায়সার আলী রাব্বির দিকে। রাব্বির জোরালো শট চলে যায় আরামবাগের জালে।

তবে বেশিক্ষণ সমতা থাকেনি। ৬৬ মিনিটে জাহিদের ফ্রি-কিক এক ড্রপ খেয়ে পোস্টে জড়িয়ে আবার এগিয়ে দেয় আরামবাগকে। ১০ মিনিট পর পাল্টা আক্রমণ থেকে আবার মতিঝিলের ক্লাবটির উল্লাস। মোহামেডানের এক ডিফেন্ডারকে কাটিয়ে ফরোয়ার্ড আরিফুর রহমান আড়াআড়ি পাস দেন চিনেদু ম্যাথুকে। এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাঁ পায়ের শটে ব্যবধান হয়ে যায় ৩-১।

ডিগবাজি দিয়ে চিনেদু ম্যাথুর গোল উদযাপন৮৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ হয় জাহিদের। অধিনায়ক রবিউল হাসানের পাস থেকে এই অভিজ্ঞ উইঙ্গারের শট ক্রস বারে লেগে জালে জড়িয়ে জয় নিশ্চিত করে আরামবাগের।

প্রিমিয়ার লিগে এটা দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামুসা।

আগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে গিয়েছিল আরামবাগ। মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়ে তাই উচ্ছ্বসিত মারুফুল হক। ম্যাচ শেষে আরামবাগের কোচ বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচে জিততে পারিনি। দ্বিতীয় ম্যাচে ভালো খেলে দল জিতেছে। বিশেষ করে জাহিদ খুব ভালো খেলেছে। আমি তাই খুব খুশি।  আশা করি, পরের ম্যাচেও জিততে পারবো।’