অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিয়ে মোরাতার স্বপ্নপূরণ

অ্যাতলেতিকো মাদ্রিদে আলভারো মোরাতাফুটবল ক্যারিয়ার শুরু তার অ্যাতলেতিকো মাদ্রিদের যুব দল দিয়ে। মাদ্রিদের সেই ক্লাবটিতে এবার পেশাদার ফুটবলার হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন আলভারো মোরাতা। চেলসি থেকে ধারে যোগ দিয়েছেন তিনি মাদ্রিদের ক্লাবে, থাকবেন ২০২০ সালের জুন পর্যন্ত।

বার্সেলোনা খুব করে চেয়েছিল মোরাতাকে। জানুয়ারির দলবদলে চেলসির আপত্তি না থাকলেও স্প্যানিশ এই স্ট্রাইকার আসতে চাননি ন্যু ক্যাম্পে। শৈশবের ক্লাব অ্যাতলেতিকোয় যোগ দিতেই হয়তো বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

চেলসি থেকে মাদ্রিদের ক্লাবে যোগ দিয়েছেন তিনি ধারে। চলতি মৌসুমের বাকি সময়ের সঙ্গে অ্যাতলেতিকোর জার্সিতে খেলবেন সামনের মৌসুমের পুরোটা। অবশ্য স্থায়ী চুক্তি করারও সুযোগ থাকছে অ্যাতলেতিকোর।

ইংলিশ ক্লাবটি ৮০ মিলিয়ন ইউরো দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছিল ২৬ বছর বয়সী স্ট্রাইকারকে। যদিও গনসালো হিগুয়েইনকে এসি মিলান থেকে ধারে নিয়ে আসায় ১৮ মিলিয়ন ইউরোতে মোরাতাকে ছেড়ে দিয়েছে চেলসি।

অ্যাতলেতিকোর দিনগুলোয় বলবয়ের ভূমিকায় যখন মাঠের চারপাশে থাকতেন, তখন মোরাতা স্বপ্ন দেখতেন এই দলের জার্সিতে মাঠে পারফর্ম করার। শৈশবে দেখা স্বপ্ন সত্যি হওয়ায় ভীষণ ‍খুশি স্প্যানিশ তারকা, ‘সময়টা খুব উপভোগ্য ছিল, আর অ্যাতলেতিকোর খেলা আমি সবসময়ই দেখি। যখনই কোনও বলবয়কে দেখি, আমি নিজেকে দেখতে পাই। স্বপ্ন ছিল একদিন এই শার্ট গায়ে জড়িয়ে খেলার।’

সঙ্গে যোগ করেছেন, ‘এখানে আসতে পেরে আমি গর্বিত। এই স্টেডিয়াম সম্পর্কে আমি জানি, জার্সি সম্পর্কে জানি; আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। অনুশীলনে নামার অপেক্ষায় আর থাকতে পারছি না।’ মার্কা