কম্বোডিয়ার বিপক্ষে নতুন মুখের ইঙ্গিত জেমির

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে।২০১৯ সালে অন্তত ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার লক্ষ্য নির্ধারণ করেছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। বাংলাদেশের ফিফা র‌্যাংকিং বাড়িয়ে নেওয়াই তার মূল লক্ষ্য। আপাতত ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে নজর এই ইংলিশ কোচের। এই প্রীতি ম্যাচে লাল-সবুজ দলে নতুন মুখ যোগ করতে যাচ্ছেন জেমি।

প্রীতি ম্যাচটি হবে কম্বোডিয়ার মাঠে। ফিফা র‌্যাংকিংয়ে ১৭২ র‌্যাংকিংয়ে থাকা দলটির বিপক্ষে খেলতে পেরে উচ্ছ্বসিত জেমি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা কম্বোডিয়ার বিপক্ষে খেলতে পেরে খুশি। বাংলাদেশ দল খেলার সুযোগ পাচ্ছে, এটাই বড় বিষয়। তাছাড়া সেখানে গিয়ে খেলাটাও আমাদের জন্য হবে নতুন অভিজ্ঞতা।’

এই ম্যাচকে সামনে রেখে ইংলিশ কোচ পাখির চোখ করেছেন প্রিমিয়ার লিগে। এরই মধ্যে জাতীয় দল গঠনে কিছু নতুন মুখ খুঁজে পেয়েছেন তিনি। চার-পাঁচজন নতুন খেলোয়াড় দলে থাকার ইঙ্গিত জেমির, ‘কম্বোডিয়ার বিপক্ষে দলে পুরনো অনেকের সঙ্গে নতুন খেলোয়াড়রাও থাকবে। অন্তত চার থেকে পাঁচজন খেলোয়াড় আমার তালিকায় আছে। তবে লিগের আরও কয়েক রাউন্ড বাকি আছে, সর্বশেষ অবস্থা দেখে দল গঠন করব।’

প্রিমিয়ার লিগের দশম রাউন্ড শেষ হবে ৫ মার্চ। কম্বোডিয়া ম্যাচের আগে তাই কয়েকদিনের অনুশীলনই ভরসা। এতে অবশ্য সমস্যা দেখছেন না বাংলাদেশ কোচ, ‘খেলোয়াড়রা সবাই লিগ নিয়ে ব্যস্ত। তাদের ফিটনেস নিয়ে কোনও সমস্যা থাকার কথা নয়। কম্বোডিয়া ম্যাচের আগে দিনকয়েক সময় পেলে দলটা তৈরি করতে পারব।’

শুধু এই ম্যাচ নয়, সামনের এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপও ভাবনায় আছে জেমির। আগামী ১৮ থেকে ২৬ মার্চ বাহরাইনে হতে যাওয়া এই ‍প্রতিযোগিতারও ছক কষছেন তিনি। কম্বোডিয়া থেকে আসার পর বাংলাদেশ দলের চলে যাওয়ার কথা আছে কাতারে। সেখানে কন্ডিশনিং ক্যাম্প শেষে দল যাবে বাহরাইনে।