সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে সের্হিয়ো রামোসের জোড়া গোলে ৪-২ এ জিরোনাকে হারায় রিয়াল। দুই লেগে ৭-৩ গোলের অগ্রগামিতায় তারা চ্যাম্পিয়ন বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও রিয়াল বেতিসের সঙ্গে শেষ চারে যোগ দিলো।
২০০৯ সালে যোগ দিয়ে বেনজিমা রিয়ালে ৪৪৬ ম্যাচ খেলে করলেন ২০৯ গোল। মন্তিলিভি স্টেডিয়ামে প্রথমার্ধের জোড়া গোলে মেক্সিকান উগো সানচেসকে টপকে ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় ছয়ে উঠে গেলেন ফরাসি ফরোয়ার্ড।
বিরতির পর জিরোনা সান্ত্বনার একটি গোল করে। কিন্তু মার্কোস লরেন্তের গোলে তাদের ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়।
প্রথম লেগে ভালো লড়াই করেছিল জিরোনা। ম্যাচে ফেরার আশা নিয়ে রিয়ালকে স্বাগত জানায় তারা। অ্যালেক্স গ্রানেলের শট গোলবারে আঘাত লেগে ফিরলেও তারা বেশ আত্মবিশ্বাসী ছিল।
তাছাড়া বেনজিমা রিয়ালের জন্য দারুণ একটি সুযোগ নষ্ট করেন। সেই আক্ষেপ ফরাসি ফরোয়ার্ড কাটান ২৭ মিনিটে। দানি কারভাহালের সঙ্গে পাস বদলে বাঁ পায়ের শটে গোলমুখ খোলেন তিনি।
কয়েক মুহূর্ত পর স্বাগতিকদের সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন ক্রিস্তিয়ান স্তুয়ানি। বিরতির ঠিক দুই মিনিট আগে বেনজিমা ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়রের কল্যাণে।
পেদ্রো পোরো ম্যাচের ১৯ মিনিট বাকি থাকতে সান্ত্বনার একটি গোল করেন। কিছুক্ষণ পরে লরেন্তে তাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৭৬ মিনিটের ওই গোলে শেষ চার সুনিশ্চিত হয় ২০১৪ সালে সবশেষ কোপা দেল রে জেতা রিয়াল।
সেমিফাইনালের ড্র হবে শুক্রবার, বেতিসের বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে। আগামী মে মাসে এখানেই হবে ফাইনাল। গোল ডটকম