এমনিতেই মাদ্রিদ ডার্বি স্প্যানিশ ফুটবলে অন্যতম সেরা দ্বৈরথ হিসেবে বিবেচনা করা হতো। তবে গত কয়েক মৌসুমে অ্যাতলেতিকো নতুন করে জ্বলে ওঠায় এই লড়াইটি গোটা ফুটবল বিশ্বেই ফেলে অন্যরকম ছাপ। উত্তেজনার সাগরে ডুব দিতে অপেক্ষায় থাকেন ফুটবলপ্রেমীরা। আজ রাতের সেই রোমাঞ্চকর লড়াই দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছন ‘গুরু-শিষ্য’।
দলীয় লড়াইয়ে এই দ্বৈরথটা দুই কোচের। অ্যাতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনের অধীনে খেলেছেন রিয়ালের বর্তমান কোচ সান্তিয়াগো সোলারি। ক্যারিয়ারের শেষ দিকে কোচ সিমিওনের শিষ্যের ভূমিকায় সোলারি ছিলেন আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোয়। তাদের মুখোমুখি লড়াইও অন্যরকম আবহ তৈরি করছে মাদ্রিদ ডার্বিতে।
২০০৯ থেকে ২০১০ পর্যন্ত সান লরেঞ্জোর কোচ ছিলেন সিমিওনে। ক্যারিয়ারের অস্তলগ্নে থাকা সোলারি তখন ছিলেন সান লরেঞ্জোর খেলোয়াড়। সাবেক শিষ্যের সঙ্গে ডাগ আউটের লড়াই নিয়ে বেশ রোমাঞ্চিত সিমিওনে। অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ বলেছেন, ‘ওকে (সোলারি) আমি অনেকদিন থেকে চিনি। ওর ক্যারিয়ারের শেষ দিকে আমি কোচ ছিলাম, ওই সময় সে আমাদের অনেক সাহায্য করেছে তার পারফরম্যান্স দিয়ে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আর্জেন্টাইন হিসেবে আমাদের প্রায় অনেক জায়গাতেই দেখা হয়, একসঙ্গে খেতেও যাই। আমার মনে হয় তার সামর্থ্য আছে, আর সেটা সে তার কাজ দিয়ে প্রমাণও করছে। একজন আর্জেন্টাইনের সাফল্য আমাকে খুশি করে।’
মাদ্রিদ ডার্বিতে এমনিতেই থাকে বারুদে উত্তেজনা। সেখানে পয়েন্ট টেবিলের হিসাব লড়াইয়ে আরও রসদ জোগাচ্ছে। আগের ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যাতলেতিকোর ব্যবধান এখন মাত্র ২ পয়েন্টের। অর্থাৎ, ডার্বি জিতলেই রিয়াল তাদের টপকে উঠে যাবে দ্বিতীয় স্থানে। অন্যদিকে রিয়াল হেরে গেলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে যাবে আরও।
সোলারির দল থেকে আবারও বাদ পড়েছেন ইসকো। বার্সেলোনার মাঠ থেকে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ ১-১ গোলে ড্র করে এসে আত্মবিশ্বাসের পারদ উঁচুতে লস ব্লাঙ্কোদের। সেই সঙ্গে আছে টানা চার লিগ ম্যাচ জয়ের সুখস্মৃতি।
অ্যাতলেতিকো মাদ্রিদ এই ম্যাচেও পাচ্ছেন না ডিয়েগো কোস্তা ও স্তেফান সাভিচকে। শুক্রবার অনুশীলন মিস করা কোকের খেলা নিয়েও রয়েছে সংশয়। তবে সিমিওনের জন্য স্বস্তির খবর ডিয়েগো গোদিনের অনুশীলনে ফেরা। গোল ডটকম