জিতেই চলেছে বসুন্ধরা কিংস

বসুন্ধরা-মুক্তিযোদ্ধা ম্যাচের একটি মুহূর্তপ্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই। স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

টানা চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা। অন্যদিকে পঞ্চম ম্যাচে তৃতীয় হারে ৬ পয়েন্টে পড়ে রইলো মুক্তিযোদ্ধা।

শনিবার গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে অষ্টম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেসের কর্নার থেকে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা।

তবে ১৬ মিনিটে সমতা চলে আসে ম্যাচে। গোল করতে উদ্যত আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামুসাকে বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকো ফাউল করলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি জাপানের মিডফিল্ডার ইউসুকো কাতো।

প্রথমার্ধ সমতায় শেষ করলেও বিরতির পর হার এড়াতে পারেনি মুক্তিযোদ্ধা। ৭০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসের ক্রসে ফ্লিক করে বসুন্ধরাকে আবার এগিয়ে দেন মতিন মিয়া। চার মিনিট পর কোলিনদ্রেসের দুর্দান্ত ফ্রি-কিকে নিশ্চিত হয়ে যায় বসুন্ধরার জয়।

আরেকটি জয় পেলেও রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি বসুন্ধরার ম্যানেজার জোবায়ের নিপু। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা আরও বড় ব্যবধানে জিততে পারতাম। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় বেশি গোল পাইনি। তাছাড়া ওদের পেনাল্টিটা ছিল প্রশ্নবিদ্ধ। ওটা পেনাল্টি হয়নি।’