বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দল আক্রমণ-প্রতিআক্রমণ করে খেলেছে। যেখানে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল সাইফ। ম্যাচের সপ্তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে কলম্বিয়ার ডিফেন্ডার দেইনার কর্দোবা হেড করলেও বারে লেগে প্রতিহত হয়।
১৯ মিনিটে আক্রমণে এসে হতাশ হয় শেখ জামাল। মিডফিল্ডার ওমর ফারুক বাবুর ক্রসে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো পেরেসের হেড সাইড বারের পাশ দিয়ে যায়।
২৫ মিনিটে আবারও সাইফের কলম্বিয়ান ডিফেন্ডার কর্দোবার শট ব্যর্থ হয়। তবে ৪০ মিনিটে সফল হয়েছে তারা। মিডফিল্ডার জামালের পাস থেকে ফরোয়ার্ড জাফর ইকবাল বাঁ পায়ের নিচু শটে করেন লক্ষভেদ।
এক গোলে এগিয়ে থেকে বিরতির পরও সাইফের আক্রমণ সচল থাকে। ব্যবধান দ্বিগুণ করতে সময়ও লাগেনি, ৫৮ মিনিটে কর্দোবার লক্ষ্যভেদে আসে দ্বিতীয় গোল। লক্ষ্যভেদের পর এবার অ্যাসিস্টের ভূমিকায় জাফর ইকবাল। তার নেওয়া ক্রসে হেড করে ব্যবধান ২-০ করেন কর্দোবা।
ম্যাচের শেষ মিনিটে রাশিয়ান ফরোয়ার্ড দেনিশ বোলশাকোভ পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন সাইফের।