মার্চে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ তিতে। যে স্কোয়াড দিয়ে প্রথমবার ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদের জার্সিতে স্পেনে কাটানো প্রথম মৌসুমেই আলো ছড়িয়েছেন এই ফরোয়ার্ড। চমৎকার পারফরম্যান্সে ইতিমধ্যেই তিনি নতুন কোচ সান্তিয়াগো সোলারির প্রধান অস্ত্রে পরিণত হয়েছেন।
২৩ মার্চ পর্তুগালের এস্তাদিও দো দ্রাগাও’তে পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর তিন দিন পর ২৬ মার্চ প্রাগে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের।
ম্যাচ দুটি দিয়ে লম্বা সময় পর জাতীয় দলে ফিরলেন আলভেস। ২০১৮ সালের বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে চোটে পড়ে মাঠে বাইরে ছিটকে যাওয়ার পর প্রথমবার ব্রাজিল দলে জায়গা পেলেন এই রাইটব্যাক। তার সঙ্গে স্কোয়াডে রয়েছেন পিএসজি ডিফেন্ডার থিয়াগো সিলভা, এসি মিলানের মিডফিল্ডার লুকাস পাকিতা ও গ্রেমিও ফরোয়ার্ড এভারতোন।
সামনের কোপা আমেরিকার এই ‘প্রস্তুতি’তে খেলতে পারছেন না নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এই মুহূর্তে পায়ের চোট থেকে সেরে ওঠার কাজ করছেন।
স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন, এদেরসন, উইভারতোন; ডিফেন্ডার: এদের মিলিতাও, মারকিনুস, মিরান্দা, থিয়াগো সিলভা, দানি আলভেস, দানিলো, ফিলিপে লুইস, আলেক্স সান্দ্রো; মিডফিল্ডার: আলান, আর্থার, কাসেমিরো, ফাবিনিয়ো, ফিলিপে আন্দেরসন, লুকাস পাকিতা, ফিলিপে কৌতিনিয়ো; ফরোয়ার্ড: এভারতোন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।