প্রিমিয়ার লিগে আরামবাগ ও রহমতগঞ্জের জয়

রহমতগঞ্জ-বিজেএমসি ম্যাচের একটি মুহূর্তপ্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকা জাহিদ হোসেন এবার দারুণ ছন্দে। মোহামেডানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড। শুক্রবার আবার জ্বলে উঠলেন তিনি, জোড়া গোল করে আরামবাগকে জয় এনে দিলেন মুক্তিযোদ্ধার বিপক্ষে। ম্যাচের ফল ২-১। প্রিমিয়ার ফুটবল লিগের অন্য ম্যাচে রহমতগঞ্জ ১-০ গোলে জিতেছে বিজেএমসির বিপক্ষে। 

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১৩ মিনিটের সময় এগিয়ে যায় আরামবাগ। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন জাহিদ।

প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৭ মিনিটে জাহিদের কোনাকুনি শটে দ্বিগুণ হয়ে যায় ব্যবধান। ৬৬ মিনিটে মিডফিল্ডার সৈয়দ রাকিব খান ইভান গোল করে ব্যবধান কমিয়ে আনলেও সমতায় ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা।

এই জয়ে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চম স্থানে আছে আরামবাগ। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান সপ্তম।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিওর গোলে জয় পেয়েছে রহমতগঞ্জ। ৮ ম্যাচ থেকে পুরোনো ঢাকার দলটির সংগ্রহ ৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে বিজেএমসির পয়েন্ট তিন।