পিএসজিকে হারানোর বিশ্বাস ম্যানইউ কোচের

উলা গুনার সুলশারওল্ড ট্র্যাফোর্ডে প্যারিস সেন্ত জার্মেইর কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ম্যানচেস্টার ইউনাইটেড। টিকে থাকতে হলে বুধবার ‘অঘটন’ ঘটাতে হবে পার্ক দে প্রিন্সেসে। সেটা অসম্ভব নয় মনে করছেন কোচ উলা গুনার সুলশার।

নরওয়ে কোচের অধীনে রেড ডেভিলরা ১৬ ম্যাচ খেলে জিতেছে ১৩টি, একমাত্র হার পিএসজির কাছে। লিগ ওয়ান ক্লাবের বিপক্ষে সেই হারের শোধ তুলে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে যাওয়ার আত্মবিশ্বাস সুলশারের কণ্ঠে।

প্রথম লেগে লাল কার্ড দেখায় ফরাসি চ্যাম্পিয়নদের মাঠে নামতে পারবেন না পল পগবা। তাকে ছাড়াও ম্যানইউ দারুণ জয় পাবে বিশ্বাস কোচের, ‘আমাদের মনে অজেয় থাকার অনুভূতি হচ্ছে। যখন জেতার সুযোগ থাকে, তখন আমাদের এই অনুভূতিটা হয়।’

সুলশার আরও যোগ করেছেন, ‘২-০ গোলে পিছিয়ে আছি, এটা আমরা জানি। তারপরও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে যাচ্ছি। জানি এটা কঠিন হবে, এখানে তাদের খেলেছি এবং তারা ভালো দল। অনেকে চোটে আছে, কিন্তু বেশ কয়েকজন আছে যারা এর অংশ হতে চায়।’ গোল ডটকম