ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঢাকা আবাহনী ৩-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। দুই গোল করে চ্যাম্পিয়নদের জয়ের নায়ক নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।
নবম মিনিটে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় আবাহনী। ২৮ ও ৫৬ মিনিটে দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন সানডে। ৬৩ মিনিটে সাইফ স্পোর্টিংয়ের একমাত্র গোলদাতা রুশ ফরোয়ার্ড দেনিস বোলশাকোভ।
১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে আবাহনী। দুই ম্যাচ কম খেলে বসুন্ধরা কিংসের সংগ্রহ ২২ পয়েন্ট। ৯ ম্যাচ খেলে সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ১৭।
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। ৮৩ মিনিটে নোফেলের জয়সূচক গোলদাতা গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। ৯টি করে ম্যাচ খেলে নোফেলের ৮ এবং মোহামেডানের ৫ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী ম্যাচে গোল হয়নি। ১০ ম্যাচ থেকে শেখ জামালের ১৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহে ১১ পয়েন্ট।