আজ কম্বোডিয়ার মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশ দলের অনুশীলনদীর্ঘ পাঁচ মাস আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে আজ (শনিবার) লাল-সবুজ দলের প্রতিপক্ষ স্বাগতিক কম্বোডিয়া। নম পেনের জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে কম্বোডিয়া। স্বাগতিকদের র‌্যাংকিং ১৭২, আর বাংলাদেশ আছে ১৯২-তে। মূলত র‌্যাংকিংয়ে উন্নতি করতে ম্যাচটি খেলার অপেক্ষায় বাংলাদেশ। এজন্য জয়ছাড়া অন্যকিছু ভাবছে না সফরকারীরা। আগের রেকর্ডও জামাল-মতিনদের পক্ষে। কম্বোডিয়ার বিপক্ষে আগের তিন ম্যাচের দুটিতে বাংলাদেশের জয়, একটিতে হয়েছিল ড্র।

মুখোমুখি চতুর্থ লড়াইয়েও হারতে চায় না বাংলাদেশ। নম পেনের মাঠে জিতে দেশে ফেরার আশায় জেমি ডের দল। তবে ম্যাচটি যে কঠিন হবে তা বাংলাদেশের ইংলিশ কোচ বুঝতে পারছেন স্পষ্ট, ‘আমাদের জন্য কঠিন ম্যাচ অপেক্ষা করছে। তবে আমরা ইতিবাচক পারফরম্যান্স দেখানোর অপেক্ষায় আছি। মূল উদ্দেশ্য ভালো খেলা। আশা করছি ভালো পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারব।’

মাত্র দুই দিনের অনুশীলন পুঁজি করে কম্বোডিয়ার বিপক্ষে লড়তে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য আশাবাদী, ‘আমরা দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছি। আমাদের ওপর তাই সবার প্রত্যাশা বেশি। তবে আমরা প্রস্তুত। লিগ খেলে সবাই এসেছে। আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।’

কম্বোডিয়ার গরমে তেমন সমস্যা হবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘বাংলাদেশের গ্রীষ্মে যেমন আবহাওয়া থাকে, এখানে তেমনই। এই আবহাওয়াতে খেলতে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। তবে টার্ফে খেলা হবে, এটা আমাদের জন্য একটু সমস্যা হতে পারে।’