ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এর খবর, মৌসুম শেষ হওয়ার আগেই চাকরি হারাচ্ছেন সোলারি। তাকে বরখাস্ত করে রিয়াল অন্তর্বর্তী কোচ হিসেবে চাইছে জোসে মরিনহোকে। সংবাদমাধ্যমটি আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, রিয়ালে ফিরতে পারেন জিনেদিন জিদান। মাদ্রিদের বোর্ড মিটিংয়ে নাকি জিদানকে ফিরিয়ে আনার প্রস্তাব উঠেছে।
শেষ পর্যন্ত যাইহোক না কেন, এই মুহূর্তে চাকরি হারানোর শঙ্কায় সোলারি। জুলেন লোপেতেগির জায়গায় শুরুতে অন্তর্বর্তীকালীন কোচ হলেও চমৎকার পারফরম্যান্সে চুক্তি স্থায়ী করে নেন তিনি। কিন্তু চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ায় তার ওপর আর আস্থা রাখতে পারছে না মাদ্রিদের ক্লাব। আয়াক্সের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগ ২-১ গোলে জিতে ফেরার পরও ঘরের মাঠে ৩-১ গোলে হেরে যায় তারা।
এর আগে তিন দিনের ব্যবধানে সোলারির দল হেরেছে দুটি এল ক্লাসিকো। দুটো ম্যাচই খেলেছে আবার ঘরের মাঠে। সবমিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে টানা তিন ম্যাচ হেরে খাদের কিনারায় সোলারি। যদিও কঠিন এই সময়ে পাশে পাচ্ছেন তিনি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কোচ ভালভারদেকে।
জিদান ও মরিনহোর বার্নাব্যুতে আসার গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ভালভারদেকে। তাদের প্রশংসা ঝরলেও সোলারিকে সমর্থন দিয়েছেন তিনি। বার্সেলোনা কোচের বক্তব্য, ‘তারা (মরিনহো ও জিদান) ভালো কোচ, এতে আমার কোনও সন্দেহ নেই। সোলারিও ঠিক তাদের মতোই (ভালো)।’
আজ (শনিবার) ভালভারদের দলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। সেই মিশনে ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। অ্যাতলেতিকোও আজই নামছে মাঠে, দিনের আগের ম্যাচে তারা খেলবে লেহানেসের বিপক্ষে। আর রবিবার ঘুরে দাঁড়ানোর মিশনে রিয়ালের প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ। গোল ডটকম