মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে গ্রুপ পর্বের ড্রয়ের সঙ্গে উন্মোচন করা হয় বঙ্গমাতা গোল্ডকাপের লোগো। ২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ঢাকার হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬ দেশ। স্বাগতিক বাংলাদেশ সহ শিরোপার জন্য লড়বে মঙ্গোলিয়া, লাওস, আরব-আমিরাত, তাজিকিস্তান ও কিরগিজস্তান।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সেমিফাইনালে ওঠার মিশনে গ্রুপ পর্বে লাল-সবুজ জার্সিধারীদের পেরোতে হবে আরব আমিরাত ও কিরগিজস্তানের বাধা। আর ‘এ’ গ্রুপে মঙ্গোলিয়ার সঙ্গে রয়েছে তাজিকিস্তান ও লাওস।
ড্র ও লোগো উন্মোচন অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ করেছি, এবার বঙ্গমাতা গোল্ডকাপ হতে যাচ্ছে। এটা করতে পেরে আমি আনন্দিত। পৃথিবীর কোনও জায়গায় সেভাবে আর আগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয় না। তবে আমরা করতে পারছি। প্রতি বছর এখন থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ দুটি প্রতিযোগিতাই হবে।’