মেসি-রোনালদোও যেখানে বেনজিমার পেছনে

করিম বেনজিমারেকর্ড ভাঙা-গড়ার খেলায় কে কাকে ছাড়িয়ে যাবেন, সেই প্রতিযোগিতাই চলে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। তবে একটা জায়গায় সময়ে দুই সেরা তারকাকেও ছাপিয়ে গেলেন করিম বেনজিমা। লা লিগায় মুখোমুখি সব দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন ফরাসি স্ট্রাইকার, যেটা মেসি কিংবা রোনালদো কেউই করতে পারেননি।

রবিবার রাতে উয়েস্কার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের ৩-২ গোলের জয় নিশ্চিত করেন বেনজিমাই। ৮৯ মিনিটে তার লক্ষ্যভেদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে মাদ্রিদের ক্লাবটি। ওই গোলেই লা লিগায় নতুন রেকর্ড গড়েন ফরাসি তারকা। ২০০৯ সালে রিয়ালে যোগ দিয়ে স্প্যানিশ লিগে মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোল করার বিরল কীর্তি গড়েছেন তিনি।

রিয়ালে নাম লেখানোর পর ৩৪ দলের বিপক্ষে মাঠে নেমেছেন বেনজিমা, উয়েস্কা দিয়ে সব দলের বিপক্ষে গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে থাকা মেসি ও রোনালদোও করতে পারেননি যা।

বার্সেলোনার জার্সিতে স্প্যানিশ লিগে মেসি মুখোমুখি হয়েছেন ৪০ দলের, যেখানে ৩৭ দলের বিপক্ষে গোল করতে পেরেছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়ক জালে বল জড়ানো পারেননি কাদিস, মুর্তিয়া ও উয়েস্কার বিপক্ষে। রোনালদো মুখোমুখি হওয়া ৩৩ দলের মধ্যে ৩২ দলের বিপক্ষে গোল পেয়েছেন, ব্যর্থ হয়েছেন কেবল লেহানেসের বিপক্ষে।

এই রেকর্ডে বেনজিমা ছাড়িয়ে গেছেন উগো সানচেসকে। সাবেক মেক্সিকান ফরোয়ার্ড মুখোমুখি হওয়া ৩৩ দলের সবার বিপক্ষে গোল পেয়েছেন। তবে বেনজিমা লক্ষ্যভেদ করেছেন ৩৪ দলের বিপক্ষে। রিয়ালের আইকন রাউল ৩৫টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল পেলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছিলেন চার দলের বিপক্ষে। মার্কা