প্যারিসে এক ইভেন্টে প্রথমবার পেলের সঙ্গে দেখা হয় এমবাপের। সেখানেই লে পারিসিয়েন এর সঙ্গে আলাপে পিএসজি স্ট্রাইকারকে নিয়ে কথা বলেছেন তিনবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
এমবাপেকে তার মতো করে খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন পেলে, ‘কাইলিয়ানের পিএসজি (বিশ্বসেরা হতে) ছাড়ার দরকার নেই। এখন যেভাবে খেলছে ঠিক সেভাবেই খেলে যাওয়া উচিত তার, তাহলেই সে বিশ্বের সেরা হতে পারবে। এটাই গুরুত্বপূর্ণ।’
সান্তোসে তার ক্যারিয়ারের উদাহরণ টেনে ৭৮ বছর বয়সী লিজেন্ড বলেছেন, ‘আমরা যদি পেলের সঙ্গে কাইলিয়ানকে তুলনা করি, পেলে কিন্তু বিশ্বসেরা হতে কখনও সান্তোস ছাড়েনি।’
মজা করে পেলে বলেছেন, ‘আমি মনে করি সে আমাকে হিংসা করে, এজন্য সে আমার সমকক্ষ হতে চেষ্টা করছে। তার কৌশল, যেভাবে সে খেলে, সেটা লাতিনো। সান্তোসের জন্য সে খেলেনি, এটা হতাশার। কিন্তু খুব বেশি দেরি তো হয়নি।’
পেলের পর বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা পেয়েছেন এমবাপে। এবার শিরোপা জয়ে তাকে ছুঁতে চান ২০ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার, ‘এটা হয়তো অবাস্তব। যতদিন আমার সামর্থ্য আছে ততদিন পর্যন্ত বিশ্বকাপ জিততে চাই কারণ ফুটবলে ফ্রান্স সেরা একটি জাতি। ২০২২ বিশ্বকাপও আবার জিততে চেষ্টা করবো।’
অবশ্য পেলেকে ছাড়িয়ে যেতে না পারলে অপ্রাপ্তি থেকে যাবে মনে করেন না ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার, ‘রেকর্ডের জন্য আপনাকে প্রথম হতে হবে। কিন্তু আমি তার পেছনে আছি, এটা সমস্যা নয়। আমি সুখে আছি।’ ইএসপিএনএফসি, গোল ডটকম