কঠিন সময়ে খেলোয়াড়দের সমর্থন দিচ্ছেন জিদান

জিদানকে পাশে পাচ্ছেন ইস্কো-রামোসরাসান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিদান ফেরার পর প্রথম হারের মুখ দেখেছে এই মৌসুমে সব হারানো রিয়াল মাদ্রিদ। কিন্তু ফরাসি কোচের সমর্থন হারাননি খেলোয়াড়রা।

বুধবার ভ্যালেন্সিয়ার মাঠে ২-১ গোলে হারের পর জিদান বলছেন, প্রত্যেক হারই কষ্ট দেয়। এটিও তার ব্যতিক্রম নয়। এই মৌসুমে আর পাওয়ার কিছু না থাকলেও হারের যন্ত্রণায় কাতর খেলোয়াড়রা। তাদের পাশেই থাকছেন ফরাসি কোচ।

ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘এটা কঠিন এক মুহূর্ত, কঠিন মৌসুম এটা। আমরা যতখানি সম্ভব ভালো অবস্থানে থেকে এই মৌসুম শেষ করতে চাই। কিন্তু এই হার আমাদের আরও কঠিন পরিস্থিতিতে ফেলেছে। বাজে একটা বছর এটা, কিন্তু আমি আমার খেলোয়াড়দের সঙ্গে আছি।’

এই মৌসুমে আর পাওয়ার কিছু নেই। তাই খেলোয়াড়দের মধ্যে প্রেরণার অভাব দেখতে পাচ্ছেন জিদান। তবে লড়াই করার ও এগিয়ে যাওয়ার মানসিকতা থেকে সরে আসা উচিত নয় বললেন তিনি, ‘এটা সত্যি যে, এই ম্যাচগুলোতে উজ্জীবিত থাকার মতো কিছু নেই আমাদের। কিন্তু আমাদের সবসময় লড়াই করে যেতে হবে। উন্নতি করতে হবে। পরের মৌসুমের জন্য ভালো প্রস্তুতি থাকতে হবে আমাদের।’ গোল ডটকম