শনিবার ফের শুরু ফুটবল লিগ

BPL Logo 2এক মাস বিরতি শেষে শনিবার আবার শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ। শনিবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। এর আগে ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে বেলা ৩টায় নোফেল স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

গত ৫ মার্চ বন্ধ হয়েছিল লিগের খেলা। জাতীয় দল, অনূর্ধ্ব-২৩ দল এবং ঢাকা আবাহনীর ব্যস্ততার জন্য লম্বা বিরতি ছিল পেশাদার লিগের প্রথম স্তরে। এই এক মাসে ভালোই সাফল্য পেয়েছে বাংলাদেশের ফুটবল।

প্রথমে ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছে জাতীয় দল। এরপর এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাহরাইন ও ফিলিস্তিনের সঙ্গে লড়াই করে হারের পর শ্রীলঙ্কাকে হারিয়েছে যুব দল। আর সবশেষে গত বুধবার এএফসি কাপে নেপালের কাঠমান্ডুতে মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আবাহনী।

এবারের ফুটবল মৌসুমের সবচেয়ে বড় চমক বসুন্ধরা কিংস ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে। এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট সংগ্রহ করা আবাহনীর অবস্থান দ্বিতীয়। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র। দেশের অন্যতম জনপ্রিয় দল মোহামেডান বেশ পেছনে। ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে ঐতিহ্যবাহী দলটি।

২০ এপ্রিল লিগের প্রথম পর্ব শেষ হওয়ার কথা।