জিদানের কাছে ‘দুর্দান্ত খেলোয়াড়’ হ্যাজার্ডের রিয়ালে যাওয়ার গুঞ্জন স্প্যানিশ মিডিয়ায় অনেকদিন থেকেই। বেলজিয়ান তারকার যেমন আছে রিয়ালপ্রীতি, তেমনি জিদানেরও আছে তার প্রতি মুগ্ধতা। দুয়ে মিলিয়ে তার ভবিষ্যৎ ঠিকানা সান্তিয়াগো বার্নাব্যু হতে যাচ্ছে বলে ইউরোপিয়ান মিডিয়ার দাবি।
গত ফেব্রুয়ারির শুরুর দিকে হ্যাজার্ড জানিয়েছিলেন, ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। যদিও চেলসি তারকা এখন পর্যন্ত জানাননি তার সিদ্ধান্ত। তাই তার রিয়ালে আসার গুঞ্জন নতুন নতুন মোড় নেয় প্রতিনিয়ত। তাকে ধরে রাখতে সামনের গ্রীষ্মের দলবদলই চেলসির শেষ সুযোগ। ওই সময় নতুন চুক্তি করতে না পারলে সামনের বছর ফ্রি’তে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে পারবেন বেলজিয়ান ফরোয়ার্ড।
সম্ভাব্য ঠিকানা হিসেবে রিয়ালই ধরা হয়। মাদ্রিদের ক্লাবটিতে আবার কোচের দায়িত্বে ফেরা জিদানও সবসময় ‘হিসাবে’ রাখেন তাকে। শনিবার এইবারের বিপক্ষে মাঠে নামবে রিয়াল, ওই ম্যাচের আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘হ্যাজার্ড এমন এক খেলোয়াড়, যাকে আমি সবসময় হিসাবে রাখি। ফ্রান্সে যখন ও (লিলের হয়ে) খেলতো, আমি ওকে অনেক দেখেছি। সে দুর্দান্ত খেলোয়াড়।’
বুধবার ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে চেলসি জিতেছে ৩-০ গোলে। এই ম্যাচে একবার লক্ষ্যভেদ করে হ্যাজার্ড চলতি প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে তার গোলসংখ্যা নিয়ে গেছেন ১৪-তে। গোল ডটকম