এইবারের বিপক্ষে নেই রামোস

সের্হিয়ো রামোসভ্যালেন্সিয়ার মাঠ থেকে আগের ম্যাচে হেরে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এরপরও সের্হিয়ো রামোসকে বিশ্রাম দিয়েছেন কোচ জিনেদিন জিদান। এইবারের বিপক্ষে আজকের (শনিবার) ম্যাচে নেই রিয়াল অধিনায়ক।

বাংলাদেশ সময় শনিবার রাত ৮-১৫ মিনিটে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এইবারের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের জন্য ঘোষিত ১৯ সদস্যের দলে জিদান রাখেননি রামোসকে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এর খবর, ফরাসি কোচ বিশ্রাম দিয়েছেন তার অধিনায়ককে।

চলতি লা লিগা মৌসুমে রিয়ালের খেলা ৩০ ম্যাচের ২৮টিই খেলেছেন রামোস, ছিলেন সবশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও। রামোসের সঙ্গে আজকের ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি গোলরক্ষক থিবো কোর্তোয়া। ভিনিসিয়াস জুনিয়র ও দানি কারভাহালের না থাকাটা অবশ্য চোটের কারণে।

লিগ শিরোপার আশা একরকম শেষই হয়ে গেছে রিয়ালের। ৩০ ম্যাচ শেষে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তারা ১৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এর আগে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে গেছে মাদ্রিদের ক্লাবটি।

এই ব্যর্থতা নিয়ে চাকরি হারিয়েছেন সান্তিয়াগো সোলারি। আর্জেন্টাইন কোচকে সরিয়ে দুঃসময়ে ‍রিয়াল আবার ফিরিয়ে এনেছে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ জিদানকে। গোল ডটকম