পরের মৌসুমের লিগ শিরোপায় চোখ জিদানের

জিনেদিন জিদানএবার কোনও শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। বাজে পারফরম্যান্সের বলি হয়েছেন হুলেন লোপেতেগি ও সান্তিয়াগো স্কোলারি। ফিরে এসে শেষ দিকে দলকে উদ্ধার করতে পারেননি জিনেদিন জিদান। যা হওয়ার হয়েছে, এখন পরের মৌসুমের দিকে তাকিয়ে রিয়াল কোচ। চ্যাম্পিয়নস লিগের চেয়ে লা লিগাকে প্রাধান্য দিতে চান তিনি।

গতবার হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল। এবার বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। আয়াক্সের কাছে হারেই নিশ্চিত হয়ে যায় স্কোলারির বিদায়। এরপর মাদ্রিদ ক্লাব ফেরায় জিদানকে। কিন্তু বার্সা-অ্যাতলেতিকো মাদ্রিদের দাপটে লা লিগা শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ে রিয়াল।

মাদ্রিদ ক্লাবকে ২০১৭ সালে লিগ জেতানো জিদান পরের মৌসুমে এই শিরোপাকে গুরুত্ব দিচ্ছেন। স্পেনে এখন বার্সার জয়জয়কার চললেও নিজেদের প্রাপ্তির কথাও মনে করালেন তিনি, ‘আমরা জিতেছি ৩৩ লিগ শিরোপা। বার্সেলোনা কয়েটি জিতেছে? গত কয়েক বছর তারা ভালো করছে এবং স্বীকৃতির পাশাপাশি তাদের অভিনন্দন জানাতেই হবে।’

জিদান আরও বলেছেন, ‘রিয়ালের শিরোপা সংখ্যা নিয়ে কথা বললে আমরা সবচেয়ে বেশি লিগ শিরোপা জিতেছি। আমি নিজেকে বাঁচাতে এসব বলছি না, কারণ আপনারা বলছেন তারা (বার্সেলোনা) এখন লিগে দারুণ করছে। এটা পাল্টাতে হবে এখন।’

পরের মৌসুম নিয়ে রিয়াল কোচ তার পরিকল্পনার কথা জানালেন, ‘আমি আপনাদের বলতে পারি যে আমরা পরের মৌসুমে সম্ভাব্য সেরা উপায়ে লা লিগায় শুরু করবো। পরের বছর আমাদের প্রধান লক্ষ্য থাকবে লা লিগা জেতা।’ মার্কা