সালাহ-মানের জোড়ায় আবারও শীর্ষে লিভারপুল

মোহাম্মদ সালাহ ও সাদিও মানে দুজনই করেছেন জোড়া লক্ষ্যভেদপ্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপার উত্তেজনা বেড়েই চলছে। শীর্ষস্থান হাতবদল হওয়ার দৃশ্য শেষ হচ্ছে না কিছুতেই। ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে আবারও ইংলিশ লিগের শীর্ষে ফিরেছে লিভারপুল। শুক্রবার মোহাম্মদ সালাহ ও সাদিও মানের জোড়া লক্ষ্যভেদে হাডার্সফিল্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডস।

এই জয়ে ৩৬ খেলায় ৯১ পয়েন্ট নিয়ে ম্যানসিটিকে সরিয়ে শীর্ষে বসেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ম্যানসিটির এক ম্যাচ কম খেলে ৮৯ পয়েন্ট। রবিবারই আবার শীর্ষে ফিরতে পারে সিটিজেনরা, এদিন বার্নলির মাঠে খেলতে যাবে পেপ গার্দিওলার দল।

বুধবার ম্যানচেস্টার ডার্বি জিতে শীর্ষে উঠেছিল ম্যানসিটি। তাতে চাপে তৈরি হয় লিভারপুলের ওপর। যদিও ঘরের মাঠ অ্যানফিল্ডে হাডার্সফিল্ডের বিপক্ষে পারফরম্যান্সে তার এতটুকু আঁচ পাওয়া যায়নি। অ্যানফিল্ডের দর্শকরা নড়েচড়ে বসার আগেই এগিয়ে যায় লিভারপুল। মাত্র ১৫ সেকেন্ডে লক্ষ্যভেদে করেন নবি কেইটা। প্রিমিয়ার লিগে লিভাপুলের ইতিহাসের দ্রুততম গোল এটি।

শুরুতেই এগিয়ে যাওয়ার সুবিধা কাজে লাগাতে একের পর এক আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। ২৩ ‍মিনিটে ‍চমৎকার হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন মানে। আর বিরতিতে যাওয়ার আগমুহূর্তে সালাহ জাল খুঁজে পেলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থাকে লিভারপুল।

বিরতি থেকে ঘুরে এসেও আক্রমণ সচল রাখে স্বাগতিকরা। চতুর্থ গোল পেতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ৬৬ মিনিটে মানে নিজের দ্বিতীয় গোল পেলে জয় একরকম নিশ্চিত করে ফেলে ইয়ুর্গেন ক্লপের দল। যার আনুষ্ঠানিকতা সারেন সালাহ ৮৩ মিনিটে দ্বিতীয়বার জাল খুঁজে পেলে।

এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আবারও ম্যানসিটির ওপর চাপ তৈরি করে রাখলো লিভারপুল। একই সঙ্গে দাপুটে পারফরম্যান্সে সতর্কবার্তা পাঠিয়ে রাখলো বার্সেলোনাকে। বুধবার কাতালানদের বিপক্ষেই যে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামাবে লিভারপুল। গোল ডটকম