ফরাসি কাপে হেরে মেজাজ হারালেন নেইমার

নেইমারঘরোয়া ফুটবলে দ্বিমুকুট জেতা হলো না প্যারিস সেন্ত জার্মেইর। শনিবার ফরাসি কাপ ফাইনালে টাইব্রেকারে রেনের কাছে হেরে গেছে তারা। এই ব্যর্থতায় নেইমারের হতাশা প্রকাশ পেলো এক ভক্তকে ঘুষি মেরে!

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানইউর কাছে পিএসজির হারের পর এক টুইটে রেফারিকে অপমান করেছিলেন নেইমার। তাতে পরের ইউরোপিয়ান টুর্নামেন্টের তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সবশেষ ভক্তকে ঘুষি মারায় আবারও হয়তো বিপাকে পড়তে যাচ্ছেন তিনি।

লিগ ওয়ানের পর ফরাসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ফেভারিট ছিল পিএসজি। দানি আলভেসের পর নিজে গোল করে ব্যবধানও ‍দ্বিগুণ করেন নেইমার। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ায় রেনে। এরপর টাইব্রেকারে ৬-৫ গোলে জিতে যায় তারা।

ম্যাচ শেষে রানার্স-আপ পদক নেওয়ার সময় ভক্তের সঙ্গে তর্ক করতে দেখা যায় নেইমারকে। ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে পদক বিতরণী মঞ্চে সিড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ তাকে থামতে দেখা যায়। এরপর ওই ভক্তের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। দুজনের মধ্যে কয়েক মুহূর্ত বাকবিতণ্ডাও চলে। তবে কী কথা হয়েছে সেটা বোঝা যায়নি। কিছুক্ষণ পরই নেইমার তার ক্ষোভ প্রকাশ করেন ওই ভক্তকে ঘুষি মেরে। সঙ্গে সঙ্গে সতীর্থরা তাকে ঠেলে উপরে নিয়ে যান।

এই হারের পর তরুণ সতীর্থদের প্রতি ক্ষোভ ঝেরেছেন নেইমার। ড্রেসিংরুমের অরাজকতা নিয়ে তিনি বলেছেন, ‘ড্রেসিংরুমে আমাদের আরও পরিণত হতে হবে, আরও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দেখেছি অনেক তরুণ খেলোয়াড়রা শোনার চেয়ে বলে বেশি। কথা বেশি বলার চেয়ে তাদের শোনা উচিত।’

তরুণদের অবাধ্যতা নিয়ে নেইমার বলেছেন, ‘মাঝেমধ্যে অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা কথা বলে, তারা সঙ্গে সঙ্গে জবাব দেয়। তারা কোচের কথারও প্রতিবাদ করে। এভাবে দল কতদূর যেতে পারে। আমাদের মতো অভিজ্ঞদের প্রতি তাদের শ্রদ্ধা থাকা উচিত।’ গোল ডটকম