কোচ এর্নেস্তো ভালভারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার ইচ্ছা এখন নেই বার্সা প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউর। লা লিগা চ্যাম্পিয়নরা সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের কাছে হেরেছে ৪-০ গোলে। তাতে প্রথম লেগ ৩-০ গোলে জিতেও গতবারের মতো এবার বিদায় নিলো বার্সা। গত বছর রোমার বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল তারা, কিন্তু ইতালিয়ানদের মাঠে হেরে যায় ৩-০ গোলে।
আরেকবার স্বপ্নভঙ্গের কষ্ট বার্সার মনে। কিন্তু সামনের দিকে তাকাতে চান বার্তোমেউ। আগামী ২৫ মে কোপা দেল রে ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে তারা। ঘরোয়া দ্বিমুকুট জয়ের হাতছানি তাদের সামনে। তাই ভালভারদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় এখন নয় মনে করেন বার্সা প্রেসিডেন্ট, ‘বিদায়ের কারণে আমাদের মেজাজ খুব খারাপ হয়ে আছে। কিন্তু আমাদের প্রাণশক্তি আবার ফিরিয়ে আনতে হবে। কারণ সামনে কোপা দেল রে ফাইনাল। প্রত্যেকের জন্য কঠিন দিন কাটতে যাচ্ছে, কিন্তু আমাদের উঠে দাঁড়াতে হবে।’
বার্তোমেউ আরও বলেছেন, ‘নিজেদের যাচাই করতে হবে এখন এবং কারণটা কী বুঝতে চেষ্টা করতে হবে। তিন সপ্তাহের মধ্যে কোপা দেল রে ফাইনাল খেলতে হবে। গত বছর রোমেও একই ঘটনা ঘটেছিল, এটা ছিল ব্যাখ্যাতীত। এখন আমাদের মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠতে হবে এবং বার্সার সব ভক্তদের কাছে ক্ষমা চাইতে হবে।’ গোল ডটকম