প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ড্র

বিপলুর (১৪ নম্বর) গোলে এগিয়ে গেলেও জিততে পারেনি বাংলাদেশ২০২২ বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। ৬ জুন অ্যাওয়ে ম্যাচের আগে ১০ দিনের অনুশীলন ক্যাম্পে অংশ নিতে জেমি ডে’র শিষ্যরা এখন ব্যাংককে। মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানীতে প্রথম প্রস্তুতি ম্যাচে প্রথমে গোল করেও জিততে পারেনি বাংলাদেশ, এয়ারফোর্স ইউনাইটেড এফসির সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।

থাই লিগ ২ বা দ্বিতীয় বিভাগের দল এয়ারফোর্স ইউনাইটেডের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজ দল। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে, বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন ফরোয়ার্ড বিপলু আহমেদ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ উপভোগ করতে পারেনি বাংলাদেশ। ১৬ মিনিটেই ফ্রি-কিক থেকে সমতা নিয়ে আসে স্বাগতিক দল।

৪-২-৩-১ ফর্মেশনে খেলা বাংলাদেশ দল প্রথমার্ধে স্ট্রাইকার হিসেবে তৌহিদুল আলম সবুজ এবং বিরতির পর নাবীব নেওয়াজ জীবনকে মাঠে নামালেও আর গোলের দেখা পায়নি। জীবন-আরিফুর-সুফিলদের সুযোগ নষ্টের মাশুল দিতে হয়েছে ভালো মতোই।

বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু তাই বেশ হতাশ। ম্যাচ শেষে তিনি  বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচ ছিল বলে খেলোয়াড়দের যাচাই করাকে বেশি গুরুত্ব দিয়েছেন কোচ। তবে আমরা ম্যাচটা জিততে পারতাম। ফরোয়ার্ডরা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় জিততে পারিনি।’

১ জুন দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে থাই লিগ-২ এর শীর্ষে থাকা ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ জুন যাবে লাওসে।