গত মার্চে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও গোল করেছিলেন। আন্তর্জাতিক ফুটবলে টানা দুই ম্যাচে গোল করে রবিউলের কণ্ঠে খুশির জোয়ার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আল্লাহর শুকরিয়া, লাওসের বিপক্ষে আমার গোলে দল জিতেছে। কম্বোডিয়া ম্যাচে গোল করেছিলাম, আজকেও করলাম। এই আনন্দের কোনও সীমা নেই।’
গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য বেশ আগেই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। থাইল্যান্ডে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে লাওসে যায় জেমি ডে’র শিষ্যরা। ঈদ করতে হয়েছে দেশের বাইরে। তবে লাওসের মাঠে জয় পাওয়ায় সব কষ্ট ভুলে গেছেন রবিউল, ‘দেশের বাইরে ঈদ করলাম এবার। জয় পেয়েছি, তাই আমাদের কষ্ট সার্থক।’
১১ জুন ঢাকায় ফিরতি ম্যাচ জিতেই বিশ্বকাপ বাছাই পর্বে পা রাখতে চান তিনি, ‘আজ দেশের মানুষকে জয় উপহার দিতে পেরেছি। হোম ম্যাচেও লাওসকে হারাতে চাই, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই আমরা।’
লাওসকে হারিয়ে জেমি ডে’ও দারুণ খুশি। সংবাদ সম্মেলনে জাতীয় দলের ইংলিশ কোচ বলেছেন, ‘ম্যাচটা সহজ ছিল না। আমরা কঠোর পরিশ্রম করেছি, তার সুফলও পেয়েছি। কয়েকটা সুযোগ পেয়ে তা থেকে গোল করেছে দল। আমাদের ডিফেন্সও ভালো খেলেছে আজ। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।’
অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে পরের ম্যাচেও জয়ের সংকল্প, ‘লাওসের মাঠে জয় পেলাম, এবার ঘরের মাঠেও জিততে চাই। ঢাকায় আরও ভালো খেলতে চাই আমরা।’