‘মেসি-সুয়ারেসের সঙ্গে সহজেই মানিয়ে নেবে গ্রিয়েজমান’

আন্তোয়ান গ্রিয়েজমানআক্রমণভাগের দুই সঙ্গী লিওনেল মেসি ও লুই সুয়ারেসের সঙ্গে আন্তোয়ান গ্রিয়েজমানের মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না বিশ্বাস বার্সেলোনা কোচ এর্নেস্তো ভালভারদের। আর কিছুদিনের মধ্যে প্রথমবার একসঙ্গে হতে যাচ্ছেন তিনজন।

জুলাইয়ের শুরুতে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে বার্সায় যোগ দিয়েছেন গ্রিয়েজমান। এখন তিনি দলের সঙ্গে জাপান সফরে। শনিবার জে ওয়ান ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে একাদশে ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

অন্যদিকে কোপা আমেরিকা শেষে মেসি ও সুয়ারেস ছুটি বাড়িয়ে নিয়েছেন, জাপান থেকে দল ফিরলেই যোগ দেবেন তারা। লা লিগায় মেসি ও সুয়ারেসের সঙ্গে গ্রিয়েজমানের সর্বমোট গোল ৬৮২টি। এই আক্রমণত্রয়ীকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন ভালভারদে।

আর্জেন্টাইন ও উরুগুয়ান তারকার সঙ্গে গ্রিয়েজমানের বোঝাপড়া দারুণ হবে বিশ্বাস বার্সা কোচের, ‘এটা সত্যি যে কিছু খেলোয়াড় একসঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। এই সুযোগের জন্য আমরা রোমাঞ্চিত। আমরা দলের ভারসাম্যে বিশ্বাস করি। আক্রমণে আর রক্ষণে, সে (গ্রিয়েজমান) দ্রুত এগিয়ে যায় এবং ফাঁকা জায়গা খুঁজে বের করে। আমরা এটারই অভাববোধ করছিলাম। তার মতো একজন খেলোয়াড়কে আমরা চাইছিলাম।’

আগামী ৭ আগস্ট হোয়ান গ্যাম্পার ট্রফিতে আর্সেনালের বিপক্ষে প্রথমবার একসঙ্গে দেখা যেতে পারে মেসি, সুয়ারেস ও গ্রিয়েজমানকে। এরপর প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র সফরে যাবে লা লিগা চ্যাম্পিয়নরা। গোল ডটকম