লিভারপুল-চেলসি ম্যাচের দায়িত্বে মহিলা রেফারি

আবার ইতিহাস লিখতে যাচ্ছেন স্তেফানি ফ্রাপার্তএমন নয় যে, পুরুষদের ফুটবলে প্রথমবার মহিলা রেফারি দেখা যাচ্ছে। তবে উয়েফার বড় কোনও ম্যাচে কোনও মহিলার খেলা পরিচালনার ঘটনা ঘটতে যাচ্ছে প্রথমবার। উয়েফা সুপার কাপে লিভারপুল-চেলসি ম্যাচ লিখতে যাচ্ছে নতুন ইতিহাস।

১৪ আগস্ট ইস্তাম্বুলের ভোডাফোন পার্কে উয়েফা সুপার কাপের লড়াই হতে যাচ্ছে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ের মধ্যে। এই ম্যাচ দিয়ে আবারও ইতিহাস গড়তে চলেছেন স্তেফানি ফ্রাপার্ত। তিনিই প্রথম মহিলা হিসেবে উয়েফার কোনও ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

ফরাসি এই রেফারির সঙ্গে ইস্তাম্বুলের ম্যাচ পরিচালনায় সহকারী হিসেবে থাকবেন আরও দুই মহিলা রেফারি। ৩৫ বছর বয়সী ফ্রাপার্ত গত মাসের মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালের ম্যাচও পরিচালনা করেছিলেন।

পুরুষ ফুটবলের দায়িত্ব পালনের ঘটনা অবশ্য তার জন্য নতুন নয়। ফ্রান্সের ফুটবলে লম্বা সময় ধরে পুরুষদের ম্যাচে রেফারির দায়িত্ব সামলে আসছেন ফ্রাপার্ত। তার মতো দক্ষ ম্যাচ পরিচালকের ওপর দায়িত্ব দিতে পেরে আনন্দিত উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন, ‘আমি অনেকবারই বলেছি, মেয়েদের ফুটবলে কোনও সীমাবদ্ধতা নেই। একটি সংস্থা হিসেবে মেয়েদের ফুটবলের উন্নতি করাটা আমাদের তালিকার উপরের দিকে। স্তেফানি এখন পর্যন্ত যে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাতে করে ইউরোপের লাখও মেয়েরা অনুপ্রাণিত হবে।’

গত এপ্রিলে ফ্রান্সের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা লিগ ওয়ানে প্রথম মহিলা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রাপার্ত। ২০১৪ সাল থেকে ‘লিগ টু’-এর রেফারি হিসেবে কাজ করা ফ্রাপার্তকে ‘প্রোমোশন’ দিয়ে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ দেয় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। অ্যামিওঁ-স্ত্রাসবুর্গের ম্যাচে লিগ ওয়ান ইতিহাসের প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন তিনি। বিবিসি, গোল ডটকম