রিভালদোর বিশ্বাস বার্সেলোনায় ফিরবেন নেইমার

নেইমারশেষ হতে চলেছে গ্রীষ্মকালীন দলবদল। এখনও চলছে নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন। কাতালান ক্লাবটির কর্তৃপক্ষের আশা ‘ডেডলাইন’ শেষ হওয়ার আগেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফেরাতে পারবেন ন্যু ক্যাম্পে। ক্লাবটির সাবেক তারকা রিভালদোরও বিশ্বাস, তার স্বদেশি ফিরবেন বার্সেলোনায়।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও চেষ্টা চালিয়ে যাচ্ছে নেইমারের জন্য। প্যারিস সেন্ত জার্মেইকে মোটা অঙ্কের অর্থের সঙ্গে গ্যারেথ বেল, কেইলর নাভাস ও হামেস রোদ্রিগেসকে দিয়ে তাদের ব্রাজিলিয়ান ‍ফরোয়ার্ডকে ‍আনার গুঞ্জন আছে স্প্যানিশ মিডিয়ায়। যদিও রিভালদোর মতে, নেইমার শুধু বার্সেলোনাতেই ফিরবেন। আর সেজন্য বার্সেলোনা সবকিছু করবে বলেও তার বিশ্বাস।

এক সংবাদমাধ্যমকে রিভালদো বলেছেন, ‘নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা আমি দেখছি না। কারণ এই খেলোয়াড় (নেইমার) শুধু বার্সেলোনাতেই ফিরতে চায়, আর ক্লাবও দলবদলের জানালা বন্ধ হয়ে যাওয়ার আগে চুক্তি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে।’

২০১৭ সালের গ্রীষ্মে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে ন্যু ক্যাম্প থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। বার্সেলোনার সমর্থকরা তাতে বেজায় চটেছিলেন। যদিও ফিরলে পারফরম্যান্স দিয়ে সাবেক সান্তোস তারকা সমর্থকদের মন জয় করে নেবেন ‍বলে মনে করেন রিভালদো, ‘আমার বিশ্বাস কয়েক বছর আগে যাই হোক না কেন, বার্সেলোনা নেইমারকে অন্য কোথাও যেতে দেবে। সে সবসময়ই এই দলটির জন্য দারুণ খেলোয়াড়। ‍আর পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মন জয় করে নেওয়ার ক্ষমতা তার আছে।’

নেইমারের দলবদলে উসমান দেম্বেলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাছাড়া ন্যু ক্যাম্পে আসার পর থেকে একের পর এক চোট আঘাত হানায় পিএসজির সঙ্গে নেইমারের চুক্তিতে নাকি দেম্বেলেকে যোগ করে দিচ্ছে বার্সেলোনা। গোল ডটকম