ফন ডাইকের পুরস্কার আমাদের সবার: ক্লপ

ইউরোপসেরা ভার্গিল ফন ডাইকসেরা খেলোয়াড়ের দৌড়ে ফরোয়ার্ডদের দাপটই থাকে সবসময়। ডিফেন্ডার ও গোলরক্ষকের বাধা ঠেলেই যেহেতু গোল হয়, সেই বিচারে বেশিরভাগ সময় কাঠগড়ায় ওঠেন তারা। তবে ফুটবলের সেই দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে গেছে। যার সবচেয়ে বড় প্রমাণ ডিফেন্ডার ভার্গিল ফন ডাইকের ইউরোপসেরার পুরস্কার জয়।

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই ডাচ ডিফেন্ডার। তবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কাছে এই পুরস্কার দলের সবার। ইংলিশ ক্লাবটির সবার সহযোগিতাতে ফন ডাইকের হাতে ইউরোপসেরার পুরস্কারটি উঠেছে বলে মনে করেন জার্মান কোচ।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছে লিভারপুল। ইউরোপের শ্রেষ্ঠ ক্লাব হওয়ার পথে ফন ডাইকের অবদান ছিল অনেক। মাদ্রিদে টটেনেহামের বিপক্ষে ফাইনালে হয়েছিলেন ম্যাচসেরা। এবার মেসি ও রোনালদোকে পেছনে ফেলে জিতলেন ইউরোপের সেরা খেলোয়াড়ের খ্যাতি।

ডাচ ডিফেন্ডারের এই প্রাপ্তিতে ভীষণ খুশি ক্লপ, ‘দুর্দান্ত! সঙ্গে সঙ্গে আমি ওকে কল দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো তখন মঞ্চে ছিল। ওর এই প্রাপ্তিতে আমি ভীষণ খুশি।’ তবে এই পুরস্কারে দলের প্রত্যেকের অবদান দেখছেন তিনি, ‘আমি এজন্যও খুশি কারণ সে (ফন ডাইক) খুব ভালো করেই জানে দলের অন্য খেলোয়াড়রা চারপাশে না থাকলে পুরস্কারটি জিততে পারতো না।’

এরপরই বললেন, “এই পুরস্কার আমাদের সবার, তবে সেটা নেওয়ার জন্য আমাদের ‘বিগ ম্যান’কে পাঠিয়েছি। ডিফেন্ডারের জন্য এটা বিরল ঘটনা। হ্যাঁ, আমরা সবাই গোল দেখতে ভালোবাসি, তবে অনেক বেশি মানুষ আছে যারা ডিফেন্ডিং দেখতে বেশি মুখিয়ে থাকে।”

ফন ডাইকের প্রশংসায় মাতলেন ক্লপ, ‘ভার্গিল অসাধারণ ডিফেন্ডার, এই মুহূর্তে শতভাগ নিশ্চিত করে বলা যায়, বিশ্বের সেরা ডিফেন্ডার। সুতরাং, সে এই পুরস্কারটির যোগ্য দাবিদার।’ গোল ডটকম