রিয়াল ছেড়ে পিএসজিতে কেইলর নাভাস

কেইলর নাভাস এখন পিএসজিররিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিলেন গোলরক্ষক কেইলর নাভাস। দিনকয়েক ধরে চলা গুঞ্জন সত্যি হয়ে ধরা দিয়েছে পিএসজির ঘোষণার মাধ্যমে। সোমবার দলবদলের শেষ দিনে অফিসিয়ালি নাভাসকে সামনে এনেছে ফরাসি ক্লাবটি।

নাভাস পিএসজিতে যাওয়ার আগেই ফরাসি ক্লাবটি থেকে গোলরক্ষক আলফোন্সে আরেয়োলা যোগ দেন রিয়ালে। পিএসজি নাভাসকে পেতে এই গোলরক্ষকের সঙ্গে ১৫ মিলিয়ন ইউরো দিয়েছে রিয়ালকে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিয়ে ‘১ নম্বর’ জার্সি পেয়েছেন নাভাস।

২০১৪ সালে লেভান্তে থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়ে রিয়ালের ইউরোপিয়ান সাফল্যের পথে এই কোস্টারিকান গোলরক্ষক রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৫ বছরের রিয়াল ক্যারিয়ারে জিতেছেন চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা।

ইন্টার মিলান থেকে মাউরো ইকার্দির পিএসজিতে যোগ দেওয়াটা সময়ের অপেক্ষা। মেডিক্যালের ‍জন্য ইতিমধ্যে প্যারিসে পৌঁছেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এক বছরের জন্য ধারে পিএসজিতে যোগ দিয়েচ্ছেন তিনি। সামনের মৌসুম শেষে ৭০ মিলিয়ন ইউরোতে স্থায়ী চুক্তি করার সুযোগও থাকবে ফরাসি চ্যাম্পিয়নদের। গোল ডটকম