আজ (শনিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাতলেতিকোর দ্বৈরথ সরাসরি দেখা যাবে লা লিগার ফেসবুক পেজে। ওয়ান্দা মেত্রোপোলিতানোর মাদ্রিদ ডার্বি দিয়ে অ্যাতিলেতিকোর যেমন শীর্ষে বসার সুযোগ থাকছে, তেমনি শীর্ষস্থান সুসংহত করার সুযোগ পাচ্ছে রিয়াল।
৬ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো। রিয়াল টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ান্দায় নামার অপেক্ষায় থাকলেও অ্যাতলেতিকোর সবশেষ তিন ম্যাচের ফল যথাক্রমে— জয়, ড্র, হার। মায়োর্কার মাঠ থেকে সবশেষ ম্যাচ জিতে ফিরেছে ডিয়েগো সিমিওনের দল।
গত গ্রীষ্মের দলবদলে অ্যাতলেতিকো বেশ কয়েকজন খেলোয়াড়কে হারিয়েছে। ওয়ান্দা ছেড়ে চলে গেছেন আন্তোয়ান গ্রিয়েজমান, রোদ্রিগো, ডিয়েগো গোদিন ও লুকাস এর্নান্দেস। যদিও সিমিওনে তার দল গুছিয়ে নিয়েছেন জোয়াও ফেলিক্স, এক্তর এরেরা, কিয়েরন ট্রিপিয়ার ও মার্কোস ইয়োরেন্তেকে নিয়ে এসে।
মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বির লড়াইয়ে নজরটা থাকবে দুই ‘নাম্বার সেভেন’-এর ওপর। এবারের গ্রীষ্মের দলবদলেই চেলসি থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন এডেন হ্যাজার্ড। আর বেনফিকা থেকে অ্যাতলেতিকোতে নাম লিখিয়েছেন ফেলিক্স। নগরপ্রতিপক্ষের লড়াইয়ে কে এগিয়ে যান, সেটাই দেখার।
সবশেষ মাদ্রিদ ডার্বি হয়েছিল গত ফেব্রুয়ারিতে। ওয়ান্দা মেত্রোপোলিতানোর ম্যাচেই রিয়াল ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল। সেখানেই আবার নামতে যাচ্ছে দল দুটি। যদিও প্রাক মৌসুম প্রস্তুতিতে রিয়ালকে বড় ধাক্কা দিয়েছে অ্যাতলেতিকো। যুক্তরাষ্ট্র সফরে ‘লস ব্লাঙ্কোদের’ ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।