শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জেমি ডে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে আমাদের সামনে দুটি বড় ম্যাচ অপেক্ষা করছে। তার আগে দুটি প্রীতি ম্যাচ খেলে খেলোয়াড়দের পরখ করে নিতে চাই। এই দুই ম্যাচ জিততে পারলে খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে। তারা আত্মবিশ্বাস নিয়ে কাতার ও ভারতের মুখোমুখি হতে পারবে।’
মাত্র তিন দিনের প্রস্তুতি নিয়ে ভুটানের মুখোমুখি হলেও শিষ্যদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ইংলিশ কোচ, ‘ছুটিতে যাওয়ার আগে আমি যে নির্দেশনা দিয়েছিলাম, ছেলেরা তা পালন করেছে। তাদের ফিটনেসে কোনও সমস্যা নেই। আশা করি, সবাই ৯০ মিনিট একই গতিতে খেলতে পারবে।’
তবে দলে ইনজুরি সমস্যা আছে। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ দীর্ঘ দিন দলের বাইরে। সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করানো মিডফিল্ডার মাশুক মিয়া জনির মাঠে ফিরতে প্রয়োজন অন্তত ১০ মাস। হাঁটুতে ব্যথা পেয়ে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাও নেই দুটি প্রস্তুতি ম্যাচে। নির্ভরযোগ্য খেলোয়াড়দের অনুপস্থিতিতে কিছুটা চিন্তিত হলেও অন্যদের ওপর আস্থা রাখছেন জেমি ডে, ‘তপু-জনি-বাদশার অনুপস্থিতি তো অবশ্যই চিন্তার বিষয়। তবে অন্যদের ওপর আমার ভরসা আছে। তারা নিশ্চয়ই ভালো পারফর্ম করবে।’
আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় এসেছে ভুটান। অতিথিদের কোচ পেমা দর্জি বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটা দেখেছি। হেরে গেলেও বাংলাদেশ খারাপ খেলেনি। কালকের ম্যাচে আমরা লড়াই করার চেষ্টা করবো।’