দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে টানটান উত্তেজনার হাই স্কোরিং ম্যাচে ৪-২ গোলে জয় পেয়েছে আলজেরিয়া। পোর্তো অ্যালেগ্রেয় আফ্রিকান দলের গৌরবমাখা জয়ে একটি করে গোল করেন ইসলাম স্লিমানি, রফিক হালিচে, আবদেলমোমে দিজাবু ও ইয়েসিন ব্রাহিমি। দক্ষিণ কোরিয়ার পক্ষে একটি করে গোল করেন সন হেং-মিন ও কু জা-চেওল। ৪-৪-২ ফর্মেশনে শুরু থেকেই কোরিয়ার রক্ষণভাগে প্রচণ্ড চাপ তৈরি করে আলজেরিয়া। খেলার শুরুতেই (৪ মিনিটে) গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আলজেরিয়া। কিন্তু মিডফিল্ডার ব্রাহিমির শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ২৬তম মিনিটে ফুটবলের এশীয় শক্তি দক্ষিণ কোরিয়ার প্রতিরোধ ভেঙে এগিয়ে যায় আলজেরিয়া। দূর পাল্লার একটি ক্রস থেকে বল পেয়েছিলেন স্লিমানি। কোরীয় দুজন ডিফেন্ডারের মরিয়া চেষ্টাকে বিফল করে জোরালো শট নেন তিনি যা ঠেকানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষক জং সুং-রিওংয়ের। ২8 মিনিটে রফিক হালিচের হেড থেকে ২-০ গোলের ব্যবধান তৈরি করে আফ্রিকানরা। ৩৭ মিনিটে কোরিয়ার ডিফেন্ডারদের ব্যর্থতায় ব্যবধান আরো বাড়ায় আলজেরিয়া। স্লিমানির পাস থেকে লক্ষ্যভেদ করেন দিজাবো। প্রথমার্ধের শুরুতেই ১টি গোল পরিশোধ করে দক্ষিণ কোরিয়া। ৫০ মিনিটে সুং ইয়ং কির পাস থেকে সন হিউয়েং মিন অসাধারণ দক্ষতায় গোল পরিশোধ করে খেলায় ফিরে আসার ইঙ্গিত দেন। কিন্তু ৬২ মিনিটে ফেঘৌলি ও ব্রাহিমি ওয়ান টু ওয়ান করে দক্ষিণ কোরিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন। এরপর গোলরক্ষক জং সুংকে বোকা বানিয়ে ৪-১ গোলে আলজেরিয়াকে এগিয়ে নেন ব্রাহিমি। তবে এরপরও হাল ছাড়েনি কোরীয়রা। খেলার ৭২ মিনিটে কো জা চেওলের গোলে ফের ব্যবধান কমায় তারা। এরপর আলজরীয় গোলবক্সে প্রবল চাপ সৃষ্টি করেও আর গোলের দেখা পায়নি কোরীয়া। শেষ পর্যন্ত গোলে গোলে জমজমাট প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় আলজেরিয়া। আগের ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ কোরিয়া। আর নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় আলজেরিয়া।