নতুন মৌসুমের শুরু থেকে চোটে ভুগছেন হ্যাজার্ড। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও চেলসির হ্যাজার্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রিস্তিয়ানো রোনালদোর ‘নাম্বার সেভেন’ জার্সি গায়ে জড়ানোয় তার কাছে রিয়াল ভক্তদের প্রত্যাশা আরও বেশি। কিন্তু গ্রীষ্মের দলবদলে ১০০ মিলিয়ন ইউরোতে বার্নাব্যুতে আসার পর থেকে নিজের ছায়ায় বন্দী এই ফরোয়ার্ড।
চলতি মৌসুমের শুরুটা ভালো ছিল না রিয়ালের। তবে লা লিগায় ছন্দে ফিরেছে দলটি। এবার চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর পালা। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে বাজে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মঙ্গলবার ঘরের মাঠে ক্লাব ব্রুজের মুখোমুখি হচ্ছে তারা।
এই ম্যাচের আগে মাদ্রিদ ডার্বিতে দারুণ পারফর্ম করেও গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছে রিয়ালকে। ওয়ান্দা মেত্রোপোলিতানোর ম্যাচে ছন্দহীন ছিলেন হ্যাজার্ড। যদিও দলের নতুন সদস্যকে নিয়ে চিন্তিত নন জিদান, ‘আমি জানি হ্যাজার্ড রিয়ালে সাফল্য পাবে। কিভাবে খেলতে হবে, এমন কোনও উপদেশ আমি ওকে দেবো না। কারণ সে খুব ভালো করেই জানে আমরা তার কাছ থেকে কী চাই এবং আমরাও জানি সে কেমন খেলোয়াড়। এজন্য আমরা শান্ত আছি, আমি মোটেও চিন্তিত নই।’
সঙ্গে যোগ করেছেন, ‘ও মাত্র এসেছে ক্লাবে। আরও অনেক সময় দরকার। তাই নতুন যে সব খেলোয়াড় এসেছে দলে, তাদের ব্যাপারে আমাদের শান্ত থাকতে হবে।’
রিয়াল মাদ্রিদে জিদানের শুরুটাও ছিল নড়বড়ে। উদাহরণ হিসেবে তার শুরুর দিনগুলোর কথা সামনে আনলেন ফরাসি কিংবদন্তি, ‘হ্যাঁ, একই বিষয় হয়েছিল আমার সঙ্গে। এই কারণেই আমি শান্ত ছিলাম, জানতাম পরিস্থিতি আমার অনুকূলে আসবে। আমার বিশ্বাস হ্যাজার্ডের বেলাতেও একই রকম হবে।’ মার্কা