ইউরোপা লিগে আর্সেনালের জয়, ম্যানইউর হোঁচট

টানা দ্বিতীয় ম্যাচ জিতলো আর্সেনালইউরোপা লিগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচও জিতেছে আর্সেনাল। স্ট্যান্ডার্ড লিয়েগের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে গতবারের রানার্স-আপরা। তবে হোঁচট খেয়েছে তাদের লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এজেড আল্কমারের মাঠে গোলশূন্য ড্র করেছে তারা।

বৃহস্পতিবার রাতেও তারুণ্য নির্ভর আর্সেনাল মাঠে নামে। ‘এফ’ গ্রুপের এই ম্যাচে দাপুটে জয়ে জোড়া গোল করেন ১৮ বছর বয়সী গ্যাব্রিয়েল মার্তিনেলি। আরেকটি বানিয়েও দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার।

১৩ ও ১৬ মিনিটে গানারদের ২-০ গোলে এগিয়ে দেন মার্তিনেলি। তার জোড়া লক্ষ্যভেদের ৭ মিনিট পর জো উইলকক গোলকিপারের ফিরিয়ে দেওয়া শটে তৃতীয় গোল করেন। মার্তিনেলির ভাসানো ক্রসে দানি কেবায়োস আর্সেনালের চতুর্থ গোল করেন ৫৭ মিনিটে।

গানাররা আরও বেশি গোল করতে পারতো। কিন্তু স্ট্যান্ডার্ড কিপার ভানজা মিলিনকোভিচ দুর্দান্ত কয়েকটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি। আগামী ২৪ অক্টোবর পরের ম্যাচে আর্সেনাল খেলবে গুইমারায়েসকে। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। গ্রুপের আরেক ম্যাচ গুইমারায়েস ১-০ গোলে হেরেছে আইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্টের কাছে।

জিতে ইউরোপা লিগ শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড হোঁচট খেয়েছে দ্বিতীয় ম্যাচে। ‘এল’ গ্রুপে ২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪। আগের ম্যাচে পার্টিজান বেলগ্রেড ২-১ গোলে এফসি আস্তানাকে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে।

হেগের কিওসেরা স্টেডিয়ামে ইউনাইটেডের আক্রমণ ছিল বিবর্ণ। অবশ্য মাঠের কন্ডিশনকে দুষলেন তাদের কোচ উলা গুনার সুলশার, ‘কন্ডিশন ছিল খুব কঠিন। কিন্তু আমি মনে করি আমরা ভালো করেছি। এই ড্র আমাদের ভালো অবস্থানে রেখেছে।’

গত মাসে আল্কমারের হোম ভেন্যু এএফএএস স্টেডিয়ামের ছাদ ধসে পড়ায় ৭০ মাইল দূরের মাঠ কিওসেরায় হয় ম্যাচটি। কৃত্রিম এই মাঠে জয়যাত্রা ধরে রাখতে পারেনি ম্যানইউ। সব প্রতিযোগিতায় এনিয়ে টানা ১০টি অ্যাওয়ে ম্যাচে জিততে ব্যর্থ হলো তারা।