অক্টোবরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি ম্যাচ খেলবে জার্মানি। ৯ অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের পর ১৩ অক্টোবর ইউরো বাছাইয়ে মুখোমুখি হবে এস্তোনিয়ার। এই দুই ম্যাচের জন্য দল ঘোষণার সময় ল্যোভ নিশ্চিত করেছেন, আর্জেন্টিনা ম্যাচে জার্মানির গোলরক্ষক থাকছেন টের স্টেগেন।
অবশ্য প্রীতি ম্যাচে বার্সেলোনা গোলরক্ষককে সুযোগ দিলেও এস্তোনিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ে গোলবারের নিচে নয়ারের থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন ল্যোভ। একই সঙ্গে জানিয়েছেন, জার্মানির ‘১ নম্বর’ গোলরক্ষক বায়ার্ন মিউনিখ তারকাই।
বার্সেলোনায় দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দল জার্মানিতে বেঞ্চ গরম করাটা ভালোভাবে নেননি টের স্টেগেন। মনের ক্ষোভ তার বেরও হয়ে আসে মিডিয়ার সামনে। এরপর থেকেই জাতীয় দলের গোলরক্ষক নিয়ে উত্তাল জার্মান ফুটবল। নয়ারকে গোলবারের নিচ থেকে সরিয়ে দিলে জার্মানি দলে আর খেলোয়াড় না পাঠানোর হুমকি দিয়ে বসে বায়ার্ন।
এই পরিস্থিতির মধ্যে ‘দুই কূল’ই রক্ষা করলেন ল্যোভ। স্কোয়াড ঘোষণার পর ডর্টমুন্ডে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে টের স্টেগেনের খেলা নিশ্চিত করেছেন তিনি এই বলে, ‘(গোলরক্ষক কোচ) আন্দ্রেয়াস কোপকের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি মার্ক (টের স্টেগেন) ডর্টমুন্ডের (আর্জেন্টিনা) ম্যাচে খেলবে।’ কথাটা শেষ করে এটাও জানিয়ে রেখেছেন, ‘আমি অনেকবারই বলেছি, মানুয়েল নয়ার আমাদের অধিনায়ক ও নাম্বার ওয়ান। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নয়ারই থাকছে। এখানে অন্যরকম কিছু ঘটছে না।’ গোল ডটকম
জার্মানি স্কোয়াড:
গোলরক্ষক: মানুয়েল নয়ার, ব্রেন্ড লিনো, মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন; ডিফেন্ডার: ইয়োনাস হেক্টর, মাথিয়াস গিনটার, ইয়োনাথান টাহ, লুকাস ক্লোস্টারমান, নিকলাস জ্যুলো, মার্সেল হ্যালসটেনবার্গ, নিকলাস স্টার্ক; মিডফিল্ডার: ইয়াশুয়া কিমিখ, কাই হ্যাভার্টস, টোনি ক্রোস, ইউলিয়ান ব্রান্ট, মার্কো রয়েস, নাদিয়েম আমিরি, ইকেই গুন্ডোগান, এমিরি ক্যান; ফরোয়ার্ড: সার্জি নব্রি, লুকা ভাইডস্মিট, টিমো বেয়ারনার।