বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) তত্ত্বাবধানে এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন ট্রফি সহ পেয়েছে ৩০ হাজার টাকা। অন্যদিকে রানার্স-আপ সমকাল ট্রফির সঙ্গে পেয়েছে ১৫ হাজার টাকা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফের উত্তেজনাপূর্ণ ফাইনালের নির্ধারিত সময় গোলশূন্য ড্রতে শেষ হয়। এরপর ফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম চার শটে গোল আদায় করে নেয় দুই দল। কিন্তু সমকালের পঞ্চম শট ঠেকিয়ে দেন ঢাকা ট্রিবিউনের গোলরক্ষক অধিনায়ক ফজলে রাব্বী মুন। বিপরীতে নিজেদের পঞ্চম শটে শিশির লক্ষ্যভেদ করলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে ঢাকা ট্রিবিউন।
ফাইনালের ম্যাচসেরার সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘মাসুদ আহমেদ রুমী ট্রফি’ জিতেছেন ঢাকা ট্রিবিউনের মুন। ৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল। অন্যদিকে ‘আল মুসাব্বির সাদী পামেল ফেয়ার প্লে ট্রফি’ পেয়েছে দীপ্ত টিভি।
ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। উত্তেজনাকর ফাইনাল দেখার পর জেমি ডে বলেছেন, ‘বাংলাদেশে এখনও ফুটবল এক নম্বর খেলা, আপনাদের উন্মাদনা দেখলেই তা বোঝা যায়। এখানে অনেক ম্যাচ হয়েছে। হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচ হয়েছে। গণমাধ্যমকর্মীদের এমন অংশগ্রহণ সত্যিই অনুপ্রাণিত করবে সবাইকে। একজনকে বিজয়ী হতেই হয়। যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের শুভকামনা।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও ছিলেন পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের মার্কেটিং ম্যানেজার ফজলে মাওলা রনি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আরাফাত জোবায়ের ও বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতার পথিকৃৎ মোহাম্মদ কামরুজ্জামান।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ডেইলি স্টারকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছিল ঢাকা ট্রিবিউন। দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে চ্যানেল আইকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় সমকাল।