গত শনিবার ব্রাইটনের মাঠে প্যাসকাল গ্রসের লম্বা শট লাফিয়ে ঠেকাতে গিয়ে পড়ে যান লরিস। বল পড়ে নিল মাউপের ঠিক সামনে। ব্যথায় স্পার গোলরক্ষক কাতরাতে থাকায় অরক্ষিত গোলপোস্ট দিয়ে সহজেই বল জালে জড়ান ব্রাইটনের খেলোয়াড়। শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা, এরপর আরও দুবার জাল কাঁপায় তারা।
কনুইয়ের হাড় সরে গেলে স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয়েছে লরিসকে। সুচিকিৎসার জন্য সোমবার দেশে ফেরেন ফরাসি গোলরক্ষক। এমআরআই স্ক্যানে কোনও চিড় ধরা পড়েনি, কিন্তু লিগামেন্টে ক্ষতি হয়েছে জানান প্যারিসের ক্লেয়ারফোন্তেইনে তার সঙ্গে দেখা করতে যাওয়া কোচ দেশম।
ফ্রান্স ফুটবলের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘আমি তার (উগো) সঙ্গে কথা বললাম। তার চিকিৎসা চলছে। আজ (সোমবার) সকালে তাকে আরও পরীক্ষা নিরীক্ষা করাতে হয়েছে। সে কতদিন মাঠের বাইরে থাকবে সেটা এখন বলা কঠিন। চিড়ের যে শঙ্কা ছিল, সেটা নেই। কিন্তু লিগামেন্টে ক্ষতি হয়েছে।’
এই বছর লরিসের ফেরা যে হচ্ছে না সেটা নিশ্চিত বিশ্বকাপ জয়ী কোচ, ‘আমি ডাক্তার নই। কিন্তু জানি এই আন্তর্জাতিক বিরতি কিংবা নভেম্বরের ম্যাচে আমাদের সঙ্গে তাকে পাচ্ছি না। তার পুনর্বাসনের দরকার। সে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকবে। এটা একেবারে নিশ্চিত ২০১৯ সালে আর সে খেলবে না।’
আগামী ১১ ও ১৪ অক্টোবর আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে ইউরো বাছাইয়ে খেলবে ফ্রান্স। নভেম্বরে তাদের প্রতিপক্ষ মলদোভা ও আলবেনিয়া।