.বিশ্বকাপে নক আউট পর্বের খেলায় দুর্দান্তভাবে জিতে শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্স। সোমবার ‘সুপার ঈগল’ নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে লা ব্লুরা। প্রথমার্ধে শুরু থেকেই নাইজেরিয়ার ওপর চেপে খেলে ফ্রান্স। ৩ মিনিটে ডেবুচি ঠিকমতো বলের যোগান দিলেও সেটি পায়ে লাগাতে পারেননি ফ্রেঞ্চ স্ট্রাইকার কারিম বেনজেমা। তবে নাইজেরিয়াও ফরাসি রক্ষণে কাঁপন ধরিয়েছিল কিছুটা। ১৯ মিনিটে জালে বল জড়ালেও অফসাইডের ফাঁদে বাতিল হয় সেটি। এরপর বহুসুযোগ তৈরি করে ফরাসি স্ট্রাইকাররা। কিন্তু নাইজেরিয়ান গোল রক্ষক এনাইমার দেয়ালে একে একে আটকা পড়ে সেগুলো। দ্বিতীয়ার্ধের পর আক্রমণে এতটাই ধার বাড়ায় লা ব্লুরা যাতে এনাইমার সে দেয়াল আর টিকতে পারেনি তাদের সামনে। ৭৯ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত এক হেডে স্কোর লাইন ১-০ করেন মিডফিল্ডার পল পগবা। তবে কর্নারটি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেও সফল হননি এনাইমা। শেষ দিকে হয়তো ১-০ গোলের জয় নিয়েই উল্লাস করতে চেয়েছিল ১৯৯৮ বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের সেই উল্লাসের মাত্রা আরও বাড়িয়ে দেন নাইজেরিয়ার সেন্টার ব্যাক জোসেফ ইয়োবো। খেই হারিয়ে ৯০+১ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন নাইজেরিয়ার এই ফুটবলার।