নকআউট পর্বে দর্শক আগুয়েরো

আগুয়েরোবিশ্বকাপের মাঝ পথে এসেই ধাক্কা খেলো আর্জেন্টিনা। চোটের কারণে দ্বিতীয় পর্বে খেলতে পারছেন না আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। পায়ের চোটে নকআউট পর্বের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। গত মঙ্গলবার নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলতে গিয়ে চোট পান তিনি। চোটের কারণে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। পরবর্তীতে তার পায়ের স্ক্যান রিপোর্টে ধরা পরে পেশীতে চোট পেয়েছেন আগুয়েরো। এ ঘটনায় এরই মধ্যে গুজব রটেছে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে ২৬ বছর বয়সী এই তারকার। তবে এ গুজবকে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা দলের মিডিয়া কর্মকর্তা আন্দ্রেস ভেনচুরা। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘‘আগুয়েরো পেশিতে চোট পেয়েছেন। চলতি বিশ্বকাপ থেকে তিনি বিদায় নিচ্ছেন, এটা এখনই বলা যাচ্ছে না।’’ নকআউট পর্বে আর্জেন্টিনার একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুলাই।